বিশ্বকাপ নিশ্চিত করার পর ইরাকি ফুটবলার জাইদ ইসমাইলের উচ্ছ্বাস
বিশ্বকাপ নিশ্চিত করার পর ইরাকি ফুটবলার জাইদ ইসমাইলের উচ্ছ্বাস

প্লে–অফ থেকে বিশ্বকাপে গেল কারা, কে কোন গ্রুপে খেলবে

শেষ হলো বিশ্বকাপ বাছাইপর্বের আনুষ্ঠানিকতা। প্লে-অফের মাধ্যমে গতকাল রাত ও আজ সকালের ম্যাচ মিলিয়ে শেষ ৬টি দলও বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। প্লে–অফ ফাইনালে সবচেয়ে বড় চমক ছিল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে ইতালির দর্শক হয়ে থাকা।

এ ছাড়া ৫২ বছর পর ডিআর কঙ্গো এবং ৪০ বছর পর ইরাকের বিশ্বকাপে ফেরাও প্লে–অফের বড় ঘটনা। আর রবার্ট লেভানডফস্কি এবং জিয়ানলুইজি দোন্নারুম্মাদের মতো তারকারা তাঁদের নিজ দল হারায় বিশ্বকাপে দর্শকের কাতারে চলে গেছেন। এখন প্লে–অফ থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলগুলো কে কোন গ্রুপে খেলবে একনজরে দেখে নেওয়া যাক।

চেক প্রজাতন্ত্র

প্লে–অফ ফাইনালে চেক প্রজাতন্ত্র টাইব্রেকারে হারিয়েছে ডেনমার্ককে। ম্যাচটি নির্ধারিত সময়ে ১–১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময় শেষে ফল দাঁড়ায় ২–২। এরপর টাইব্রেকারে চেক প্রজাতন্ত্র বাজিমাত করে ৩–১ গোলে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর চেক প্রজাতন্ত্র খেলবে গ্রুপ ‘এ’তে।

‘এ’ গ্রুপে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া।

বসনিয়া ও হার্জেগোভিনা

প্লে–অফে দারুণ চমক উপহার দিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। বিশ্বকাপ নিশ্চিত করার ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে টাইব্রেকারে ৪–১ গোলে হারিয়েছে তারা। ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে যায় ইতালি। তবে ৪১ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইতালিকে। একজন বেশি নিয়ে খেলা বসনিয়া ম্যাচে সমতা ফেরায় ৭৯ মিনিটে। এরপর সমতাতেই শেষ হয় নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা। টাইব্রেকারে ৪–১ গোলে বাজিমাত করে বসনিয়া। বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে খেলবে বসনিয়া।

‘বি’ গ্রুপে বসনিয়ার প্রতিপক্ষ কানাডা, কাতার ও সুইজারল্যান্ড।

প্লে–অফ থেকে বিশ্বকাপ নিশ্চিত করা ছয় দেশ

চেক প্রজাতন্ত্র, বসনিয়া ও হার্জেগোভিনা, তুরস্ক, সুইডেন, ইরাক, ডিআর কঙ্গো।ছয় দেশের গ্রুপে কারা

তুরস্ক

২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলা তুরস্ক ২৪ বছর পর বিশ্বকাপের টিকিট পেয়েছে। ইউরোপীয় প্লে–অফ ফাইনালে কসোভোকে ১–০ গোলে হারিয়েছে তারা। ৫৩ মিনিটে কেরেম আকতারকোগ্লুর করা একমাত্র গোলে নিশ্চিত হয় তুরস্কের বিশ্বকাপ। বিশ্বকাপে তুরস্ক খেলবে গ্রুপ ‘ডি’তে।

‘ডি’ গ্রুপে তুরস্কের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।

সুইডেন

প্লে–অফ ফাইনালে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে সুইডেন। স্টকহোমের স্ট্রবেরি অ্যারেনায় উত্থান–পতনের ম্যাচে ৮৮ মিনিটে সুইডেনের হয়ে জয়সূচক গোলটি করেন ভিক্টর ইয়োকেরেস। বিশ্বকাপে সুইডেন খেলবে গ্রুপ ‘এফ’–এ।

‘এফ’ গ্রুপে সুইডেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়া।

ইরাক

৪০ বছর পর আবারও বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে ইরাকের। ১৯৮৬ বিশ্বকাপে খেলা ইরাক আন্তমহাদেশীয় প্লে–অফ ফাইনালে ২–১ গোলে হারায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াকে। বিশ্বকাপে ইরাক খেলবে গ্রুপ ‘আই’তে। যেখানে আছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্সও।

‘আই’ গ্রুপে ইরাকের তিন প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।

ডিআর কঙ্গো

ইরাকের চেয়েও বেশি সময় অপেক্ষার পর বিশ্বকাপে ফিরেছে ডিআর কঙ্গো। প্লে–অফ ফাইনালে ১–০ গোলে তারা হারিয়েছে জ্যামাইকাকে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০ মিনিটের মাথায় গোল করেন ডিআর কঙ্গোর অ্যাক্সেল তুয়ানজেবে। বিশ্বকাপে ডিআর কঙ্গো খেলবে গ্রুপ ‘কে’তে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও।

‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোর প্রতিপক্ষ পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়া।

কীভাবে হবে টুর্নামেন্ট

নতুন করে জায়গা করে নেওয়া ছয় দলসহ ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দল। যা চার বছর আগে ২০২২ আসরের চেয়ে ১৬টি বেশি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে মোট ম্যাচ হবে ১০৪টি।

১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ১৯ জুলাই ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।