
নেদারল্যান্ডস ৩–১ তিউনিসিয়া
জাপান ১–১ সুইডেন
নিষ্পত্তি হয়েছে গ্রুপ ‘এফ’-এর সব হিসাব-নিকাশের। আজ ভোরে এই গ্রুপের ম্যাচে সবার চোখ ছিল শেষ ৩২ দলের রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে কারা। ডালাসে শেষ বাঁশি বাজার পর সেটা চূড়ান্ত হয়ে গেল।
এশিয়ান পরাশক্তি জাপানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ডালাসে সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বে জাপান নিজেদের শেষ ম্যাচটি ১–১ গোলে ড্র করে।
এই ম্যাচে জাপান হারলে ব্রাজিলের প্রতিপক্ষ হতো সুইডেন। ‘এফ’ গ্রুপ থেকেই কানসাস সিটিতে একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে নেদারল্যান্ডস ৩–১ গোলে হারায় তিউনিসিয়াকে। এই জয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের নকআউটে শেষ ৩২ দলের রাউন্ডে উঠল ডাচরা। সেখানে তাদের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্স আপ দল মরক্কো। ‘এফ’ গ্রুপে তৃতীয় সুইডেনের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স।
হিউস্টনে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। পরের দিন বাংলাদেশ সময় সকাল ৭টায় মন্তেরেইয়ে একই রাউন্ডের ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ডাচরা।
শেষ ৩২ দলের রাউন্ডে জাপান–ব্রাজিলের ম্যাচের আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। নকআউট পর্বে এই ম্যাচ হতে যাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি। দারুণ ছন্দে থাকা কার্লো আনচেলত্তির ব্রাজিলের সঙ্গে লড়াইটা সহজ হবে না জাপানের জন্য। তবে শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার মানসিকতাকেই ম্যাচটিতে কাজে লাগাতে চাইবে ‘এশিয়ার ব্রাজিল’ খ্যাত জাপান। পাশাপাশি সর্বশেষ মুখোমুখিতে জাপানের ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতা তো আছেই।
ডালাসে আজ ভোরে সুইডেন–জাপান ম্যাচটি দারুণভাবে জমে ওঠে। প্রথমার্ধে কেউ গোল না পেলেও দ্বিতীয়ার্ধে শুরুতে লিড নেয় জাপান। ৫৬ মিনিটে গোল করেন দাইজেন মায়েদা। ৬ মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন। শেষ পর্যন্ত অবশ্য আর কোনো দল গোল পায়নি।
জিততে না পারলেও এই ম্যাচে দারুণ খেলেছে জাপান। বড় কোনো তারকা না থাকলেও সংগঠিত ফুটবল, কৌশলগত শৃঙ্খলা, দলীয় বোঝাপড়া এবং মাঠে প্রতিটি বিভাগে ভারসাম্যের দিক থেকে জাপানকে এবারের বিশ্বকাপে অন্যতম আকর্ষণীয় দল বলছেন কেউ কেউ। ব্রাজিলকেও নিশ্চিতভাবে চ্যালেঞ্জের মুখে রাখবে তারা।
গ্রুপে আগের দুই ম্যাচে সুইডেন ও জাপানের কাছে হেরে যাওয়া তিউনিসিয়া কানসাস সিটিতে ম্যাচের মাত্র তিন মিনিটেই পিছিয়ে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে আত্মঘাতী গোল করেন তিউনিসিয়ার এলিয়েস স্কিরি। এর কিছুক্ষণ পর টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করে নেদারল্যান্ডসের জয়ের ব্যবধান ২-০ করেন ব্রায়ান ব্রবি। এরপর হাজেম মাস্তুরি তিউনিসিয়ার হয়ে একটি গোল শোধ করেন। এর মধ্য দিয়ে বিশ্বকাপে এবার প্রথম গোলের দেখা পায় তিউনিসিয়া।
তবে লিড আবার বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নেদারল্যান্ডসকে। ইয়ান পল হেকে গোল করে আবারও ডাচদের দুই গোলে এগিয়ে থাকার ব্যবধানে ফেরান। শেষ পর্যন্ত ৩–১ গোলের ব্যবধানেই জিতেছে ডাচরা।