ফার্নান্দো দিনিজ ও পেপ গার্দিওলা
ফার্নান্দো দিনিজ ও পেপ গার্দিওলা

গার্দিওলা আর ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’র লড়াইয়ে জিতবে কে

গ্রিক দার্শনিক প্লেটোর একাডেমিতে ঢোকার পথে লেখাটি পাথরে খোদাই করা, ‘জ্যামিতিতে অজ্ঞ কাউকে ঢুকতে দিয়ো না।’

পেপ গার্দিওলার ফুটবল–স্কুলের ক্ষেত্রেও একই কথা খাটে। মাঠের জ্যামিতি না বুঝলে গার্দিওলার শিষ্য হওয়ার সুযোগ নেই। পাসের মালা গেঁথে খেলোয়াড়েরা কল্পিত ত্রিভুজ–চতুর্ভুজ বানিয়ে এগিয়ে যান। ফার্নান্দো দিনিজের দর্শনও পাসের মালা গাঁথা। কিন্তু এর সঙ্গে জ্যামিতির সংযোগ সামান্যই। দিনিজ প্রতিপক্ষের আক্রমণভাগে খেলোয়াড়–সংখ্যা বেশি রাখায় বিশ্বাসী। মানে পাসে পাসে খেলোয়াড়েরা ওপরে উঠবেন, এরপর প্রতিপক্ষের বিপদসীমায় যত বেশি সম্ভব খেলোয়াড় গিয়ে দ্রুতলয়ের পাসে আক্রমণ তৈরি করবে—ব্রাজিলিয়ান ফুটবলের স্টাইল যেমন আরকি! বিশ্বাস না হলে গার্দিওলার মুখেই শুনুন।

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার পর বলেছিলেন গার্দিওলা, ‘বাবার বলা কথাটা সব সময় মনে পড়ে। তিনি বলেছিলেন, ব্রাজিলিয়ানরা খুব ধীরে খেলে। বল নিয়ে একসঙ্গে (ওপরে) ওঠে। ছোট ছোট পাসে ওপরে উঠে শেষ মুহূর্তে হঠাৎ করেই খেলার গতি বাড়িয়ে দেয়—এটাই (ব্রাজিলিয়ান ফুটবলের) নির্যাস।’ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কোচ দিনিজ সেই নির্যাস বুকে ধারণ করেই উঠেছেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে। জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আজ (বাংলাদেশ সময় রাত ১২টা) ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

দুই ক্লাবের এই লড়াইয়ের মোড়কে অন্তনির্হিত এক লড়াইও আছে। সেটি গার্দিওলা বনাম ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’—কিংবা এভাবেও বলা যায়, দিনিজ সব সময় যাঁর প্রশংসা করে এসেছেন, আজ সেই গার্দিওলার মুখোমুখি হবেন। যে কৌশলে তিনি সিটিকে ঘায়েল করার চেষ্টা করবেন, তার অনেক কিছুর সঙ্গেই মিল রয়েছে স্প্যানিশ কোচের। বিভক্তিও আছে। ফাইনালের আগে দিনিজ যেমন বলেছেন, ‘পেপ যেভাবে বলের দখল রাখতে পছন্দ করেন, আমি তার উল্টো। তার খেলা পজেশনাল (জায়গানির্ভর), আমারটা অ্যান্টি–পজেশনাল।’

পার্থক্যটা আগে বুঝিয়ে বলা যায়। গার্দিওলার পজেশনাল–প্লেতে মাঠে খেলোয়াড়েরা পাসের মাধ্যমে ত্রিভুজ কিংবা ডায়মন্ড আকৃতির জায়গা তৈরি করেন। এতে বল যাঁর পায়ে থাকে, তিনি আরও সামনে এগিয়ে যেতে পারেন। তাতে বলের দখল নিতে বল পায়ে থাকা খেলোয়াড়ের দিকে এগিয়ে যান প্রতিপক্ষের খেলোয়াড়। এতে একাধিক পাসের সুযোগ তৈরি হয় এবং এভাবে খেলা এগিয়ে চলে, যা দেখে মনে হতে পারে খরস্রোতা নদীর মাঝে পাথরের চাঁই গলে পানির ধারা যেভাবে এগিয়ে চলে। দিনিজের সঙ্গে গার্দিওলার ছোট পাসে খেলার দর্শনে বেশ মিল থাকলেও প্রতিপক্ষের বিপদসীমায় গিয়ে ধারাটা একটু পাল্টে যায়।

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর্লিং হলান্ডকে পাচ্ছেন না পেপ গার্দিওলা

দিনিজ যেহেতু ব্রাজিল জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচও, তাই তাঁর অধীনে ব্রাজিল জাতীয় দলের এক ম্যাচের উদাহরণ টানা যায়। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে ৫–১ গোলে জিতেছিল ব্রাজিল। ম্যাচের ৩ মিনিটের মধ্যেই দেখা গেল বলিভিয়ার বিপদসীমায় জটলার মধ্যে ব্রাজিলের ৭ জন খেলোয়াড় মুভ করছেন। দেখে মনে হবে, ছোট্ট একটু জায়গায় সেভেন–এ–সাইড ফুটবল খেলছে ব্রাজিল! আসলে ব্যাপারটা হলো, অল্প জায়গার মধ্যে যত বেশিসংখ্যক খেলোয়াড় রেখে দ্রুতলয়ের পাসে গোলের সুযোগ তৈরি করা—এই কৌশলটা কাজে লাগলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে খোঁজা ‘জোগো বনিতো’ মনে পড়তে পারে।

দিনিজ নিজে ১৯৮২ বিশ্বকাপে ব্রাজিলের সেই দলটির ভক্ত। সুন্দর ফুটবল খেলতে গিয়ে যে বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেছিলেন সক্রেটিস–ফ্যালকাওরা। তবে সেই ব্রাজিল এবং এই ব্রাজিলের মধ্যে ফারাকটা হলো খেলোয়াড়ে। প্রতিভাবান ও সৃষ্টিশীল খেলোয়াড় কম থাকলে এই কৌশল বুমেরাংও হয়। কারণ, সাতজন ওপরে থাকা অবস্থায় বল হারালে এবং সে সময় দ্রুত নিচে নামতে না পারলে বিপদ অবশ্যম্ভাবী।
তা কেন, তা কি আরও ব্যাখ্যা করতে হবে? দুই কোচই খেলাটা তৈরি করেন রক্ষণ থেকে। সেন্টারব্যাক–ফুলব্যাকরা প্রায়ই নিজেদের জায়গা ছেড়ে ওপরে ওঠেন।

ব্রাজিল ফুটবল দলও সামলাচ্ছেন দিনিজ

মাঝমাঠে গুচ্ছভাবে পাস দেওয়া–নেওয়া চলে। এই পথে খেলোয়াড়েরা নাটমেগ, ডামি, ড্রিবলিং, ব্যাকহিল, বডি ফেইন্ট কৌশলে খেলা এগিয়ে নেন, যা দেখতে চোখের শান্তি হলেও বল হারানোর পর ফেলে আসা জায়গাটা পূরণ করাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক এই কারণেই ব্রাজিলিয়ান ফুটবলের রক্ষণ নিয়ে একসময় সমালোচনা ছিল রুটিন ওয়ার্ক। গার্দিওলা ২০০৮ সালে বার্সার কোচ হওয়ার পর ব্রাজিলের বল দখলে রেখে খেলার কৌশলকেই ভিত বানিয়ে ঘষামাজা করে নিজের বুদ্ধিপ্রসূত একটি রূপ দেন। সেখানে রক্ষণ যেমন জমাট, তেমনি মাঝমাঠ। আক্রমণভাগ? সেটা আসলে মাঝমাঠেরই বর্ধিত অংশ—যেকোনো মিডফিল্ডারই গোল করছেন কিংবা গোল বানাচ্ছেন। একই কাজে বাদ যাচ্ছেন না ডিফেন্ডাররাও। আর এভাবেই ইউরোপিয়ান ফুটবলে কৌশলের বিপ্লব ঘটিয়ে একের পর এক শিরোপা জিতে গার্দিওলা এখন বিশ্বসেরা কোচদেরই একজন।

৪৯ বছর বয়সী দিনিজ খেলা ছেড়েছেন ২০০৮ সালে। পরের বছরই কোচিং শুরু করেন। অর্থাৎ গার্দিওলার সেই বিপ্লবেও চোখ ছিল দিনিজের। দুজনের দর্শনই যেহেতু এক, তাই দিনিজও এই একই কৌশলকে ঘষামাজা করে নিজের একটি কৌশল দাঁড় করিয়েছেন। সব সময় যে একই কৌশলে খেলান, তা নয়। কাগজে–কলমে তাঁর দলের ফর্মেশন হয়তো ৪–২–৩–১, কিন্তু মাঠে সেটাই হয়ে যাচ্ছে ৪–২–৪ কিংবা ৪–১–৫। খেয়াল করে দেখুন, আক্রমণভাগে চার কিংবা পাঁচজন—ওই তো প্রতিপক্ষের বক্সে খুব অল্প জায়গার মধ্যে বেশি খেলোয়াড় রেখে গোলের পথ তৈরি করা। দিনিজের এই কৌশলকে ‘রিলেশনিজম’ও বলেন কেউ কেউ। যেখানে খেলাটা তৈরি হয় খেলোয়াড়সংখ্যার গরিষ্ঠতায়। ইংরেজিতে যা ‘নিউমেরিক্যাল সুপিওরিটি।’

দুই কোচই হাই–প্রেস ফুটবল খেলাতে পছন্দ করেন। ডিফেন্স লাইন একটু ওপরে খেলান। জায়গা বের করে নিয়ন্ত্রণ—এটাই তাঁদের দর্শন। আবার বল হারালে দ্রুত পুনরুদ্ধার করা। এ জন্য এই দুই কোচের ফুলব্যাক থেকে মিডফিল্ডারদের আসলে শান্তি নেই। পাসিং, বল রিকভার থেকে প্রতিপক্ষের আক্রমণের লাইন সংকুচিত করে আনা, মিডফিল্ডারদের মিছিল করে বক্সে ঢুকে পড়া—সব সময়ই ব্যতিবস্ত থেকে প্রতিপক্ষকেও শশব্যস্ত রাখতে হয়।

ফাইনালের আগে দিনিজকে ভালোভাবে জানতে গার্দিওলার হাতে একজন ‘গুপ্তচর’ও আছে। ব্রাজিল জাতীয় দলের গোলকিপার এদেরসন, যিনি সিটির পোস্টও সামলান। গার্দিওলা বলেছেন, ‘আমার কাছে এদেরসন আছে, যে দিনিজ এবং তার কৌশল সমন্ধে ভালোভাবে জানাবে। তবে দিন শেষে কিন্তু খেলোয়াড়েরাই পার্থক্য গড়ে দেয়।’

স্কোয়াডের শক্তি, সাফল্য ছাড়াও ধারে–ভারে এই ফাইনালে গার্দিওলাই এগিয়ে। কিন্তু খেলার ফলটা যেহেতু মাঠেই নির্ধারণ হয়, তাই অপেক্ষা করাই শ্রেয়। এটাও মনে রাখা জরুরি, গার্দিওলা যে দেশে কোচিং করান, সেই ইংল্যান্ডের সংবাদমাধ্যমই কিন্তু দিনিজকে ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’ বলেছে। নিশ্চয়ই সেটা ফাঁকা বুলি নয়। গার্দিওলা নিজেও সেটা জানেন বলেই ফাইনালে প্রতিপক্ষ দলের এই কোচকে বলেছেন ‘ব্রাজিলিয়ান ফুটবলের নির্যাস।’

আর ব্রাজিলের ফুটবল নিয়ে গার্দিওলার ভাবনা কেমন, সেটাও নিশ্চয়ই জানা? অজানা থাকলে শুনে নিন, ‘ব্রাজিল সব সময়ই ব্রাজিল। যা কিছুই ঘটুক না কেন, ওদের সব সময়ই ভালো ফুটবলার থাকে।’