
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছরের শিরোপাখরা কাটানোর সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু শিরোপা দূরে থাক, ফাইনালেই উঠতে পারেননি হামজা–জামালরা। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এই ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে আজ বাফুফে ভবনে সভা করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তাতে জাতীয় দলের কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে।
তবে সভায় ডুলিকে রাখা বা বাদ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কোচের ভবিষ্যৎ নির্ধারণে আরও সময় নিতে চায় বাফুফে।
সভা শেষে কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, ডুলির সঙ্গে আলোচনা করলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তাঁরা। এ জন্য আবারও সভায় বসবেন কমিটির সদস্যরা। বাবু বলেন, ‘তাঁকে আমরা বাদ দেব, রাখব, নাকি কী করব, এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আরও আলোচনা করব। খুব শিগগিরই আরেকটি সভা ডাকব। সেখানে সিদ্ধান্ত নেওয়ার পর সেটা নির্বাহী কমিটিতে পাঠাব।’
আজকের সভায় উপস্থিত ছিলেন কোচ টমাস ডুলিও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দলের পারফরম্যান্সসহ বিভিন্ন বিষয়ে তাঁকে প্রশ্ন করেন কমিটির সদস্যরা। ডুলি সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর তাঁকে সভা থেকে চলে যেতে বলা হয়। পরে নিজেদের মধ্যে আলোচনা করেন কমিটির সদস্যরা। তবে আলোচনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তাঁরা।
ডুলির পাশাপাশি কোচিং স্টাফ নিয়োগপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বাবু স্বীকার করেছেন, নিয়োগপ্রক্রিয়ায় সমস্যা থাকতে পারে। তিনি বলেন, ‘আমরা অবশ্যই এটা অনুভব করি। সে কারণেই আজকের সভায় টেকনিক্যাল ডিরেক্টরকেও রাখা হয়েছে। কোচের পাশাপাশি সহকারী কোচ, ভিডিও বিশ্লেষক ও ফিজিওদের সঙ্গেও প্রয়োজন অনুযায়ী কথা বলব।’
ডুলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত না হলেও সভায় ডিফেন্ডার সাদ উদ্দিনের চিকিৎসার খরচ বহনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাবু। সাফ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পাওয়া এই ফুটবলারকে চিকিৎসার জন্য ভারতে পাঠানোর ব্যবস্থা করছে বাফুফে।
বাবু বলেন, ‘সাদ দেশের সম্পদ। দেশের হয়ে খেলতে গিয়ে সে চোট পেয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসার সব খরচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বহন করবে।’