ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা

গার্দিওলার কেবিনেটে ৪০ শিরোপা: ইতিহাসে তাঁর অবস্থান কোথায়

পেপ গার্দিওলা আর কত বছর কোচিং করাবেন—এই প্রশ্ন উঠছে গতকাল রাতে ম্যানচেস্টার সিটির কারাবাও কাপ জয়ের পর। না, শিরোপা জয় বিচারে সবচেয়ে সফল কোচ হতে গার্দিওলাকে আরও ১০টি শিরোপা জিততে হবে। সে জন্য ধৈর্য আছে তো গার্দিওলার?

অবশ্য কোচের নাম যখন গার্দিওলা—তখন ধৈর্যের চেয়ে প্রতিভাই সামনে আসে আগে। ভেবে দেখুন, ফুটবল ইতিহাসে কোচ হিসেবে সবচেয়ে বেশি ট্রফি জিততে একজনের লেগেছে ৩৯ বছর। অর্থাৎ প্রায় চার দশক ডাগআউটে দাঁড়িয়ে এই সাফল্যের দেখা পেয়েছেন। গার্দিওলা সেখানে মাত্র ১৮ বছর ডাগআউটে দাঁড়িয়েই পৌঁছে গেছেন তাঁকে ছোঁয়ার দূরত্বে।

ভেঙে বলা যাক। ভদ্রলোকের নাম স্যার অ্যালেক্স ফার্গুসন। চিনেছেন নিশ্চয়ই? ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ। ১৯৭৪ সালে স্কটিশ ক্লাব ইস্ট স্টার্লিংশায়ারের হয়ে কোচি ক্যারিয়ার শুরু করেন ফার্গি। থেমে যান ২০১৩ সালে ইউনাইটেডের ডাগ–আউটে। এ সময়ে ৪৯টি শিরোপা জেতা ফার্গুসনই ফুটবল ইতিহাসে শিরোপা জয় বিচারে সবচেয়ে সফল কোচ।

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন

গার্দিওলার কোচিং ক্যারিয়ার শুরু ২০০৮ সালে বার্সেলোনায়। এই ১৮ বছরে কোচ হিসেবে জিতেছেন ৪০ শিরোপা। এর মধ্যে সর্বশেষটি জিতলেন কাল রাতে সিটি কোচ হিসেবে। আর তাতে ‘ক্লাব ফোর্টিজ’–এ ফার্গুসনের একাকিত্ব–ও ঘুচল। এই স্কটিশ আর স্প্যানিশ কিংবদন্তি এখন ফুটবল ইতিহাসে অন্তত ৪০টি শিরোপা জেতা দুই কোচ।

মৌসুম হিসেবে গার্দিওলার কোচিং ক্যারিয়ার ১৭ মৌসুমের। এর মধ্যে শুধু এক মৌসুমে (২০১৬–১৭) তিনি ট্রফির দেখা পাননি। সিটিতে ১০ বছরে এরই মধ্যে ১৯ ট্রফি জিতেছেন গার্দিওলা—প্রিমিয়ার লিগ (৬), কারাবাও কাপ (৫), এফএ কাপ (২), কমিউনিটি শিল্ড (৩), চ্যাম্পিয়নস লিগ (১), উয়েফা সুপার কাপ (১) ও ক্লাব বিশ্বকাপ (১) জিতেছেন।

ম্যান সিটিতে যোগ দেওয়ার আগে বায়ার্ন মিউনিখে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করেন গার্দিওলা। সেখানে জিতেছেন ৭টি শিরোপা—বুন্দেসলিগা (৩), জার্মান কাপ (২), উয়েফা সুপার কাপ (১) ও ক্লাব বিশ্বকাপ (১)। তার আগে বার্সেলোনায় ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত লিওনেল মেসি, জাভি হার্নান্দেজদের সেই ‘ড্রিম টিম’ নিয়ে জিতেছেন ১৪ শিরোপা—লা লিগা (৩), কোপা দেল রে (২), স্প্যানিশ সুপার কাপ (৩), চ্যাম্পিয়নস লিগ (২), উয়েফা সুপার কাপ (২) ও ক্লাব বিশ্বকাপ (২)।

ফার্গুসন ইংল্যান্ডে যাওয়ার আগে স্কটল্যান্ডে সেন্ট মিরেন এবং অ্যাবেরডিনের হয়ে মোট ১১ ট্রফি জেতেন। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের দায়িত্ব নেওয়ার পর সেখানে ২৭ বছরে জিতেছেন ৩৮টি ট্রফি।

শিরোপা জয়ের সংখ্যায় ৮৪ বছর বয়সী ফার্গুসনকে কেউ ধরার মতো থাকলে ৫৫ বছর বয়সী গার্দিওলার সেই সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ, এ তালিকার শীর্ষ পাঁচে থাকা বাকিরা বেশ পিছিয়ে আর তাঁদের বয়সও হয়েছে বেশ। রোমানিয়া জাতীয় দলের বর্তমান কোচ মিরচা লুচেস্কু ৩৮টি ট্রফি জিতে এ তালিকায় তৃতীয়। কিন্তু তাঁর বয়স হয়ে গেছে ৮০ বছর। আর কত দিন কোচিং করাবেন কে জানে! একই কথা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ক্ষেত্রেও খাটে। ৩১ ট্রফি জিতে এ তালিকায় তৃতীয় আনচেলত্তির বয়স ৬৬ বছর।