
কিংবদন্তি খেলোয়াড় হিসেবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে ২০১২ সালে সম্মানসূচক সদস্যপদ দিয়েছিল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। গতকাল সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্যের পর সেই সম্মানসূচক পদ থেকে তাঁকে বহিষ্কার করেছে সংগঠনটি। বিএসপিএর কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসপিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরীক্ষিত ক্রীড়া সংগঠক, কিংবদন্তি খেলোয়াড় এবং মিডিয়া–সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের অনারারি সদস্যপদ দেওয়ার রেওয়াজ আছে এ সংগঠনের। এ ধারায় বিএসপিএ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান ও বর্তমানে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মানিত করেছে অনারারি সদস্যপদ দিয়ে। একইভাবে কাজী মো. সালাউদ্দিনকে অনারারি সদস্যপদ দেওয়া হয়েছিল।
তবে বর্তমান প্রেক্ষাপটে তাঁর আচরণ, বক্তব্য সবকিছুই এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থী। তাঁর কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে।’
উল্লেখ্য, গতকাল বাফুফের নির্বাহী কমিটির সভার পর ও সংবাদ সম্মেলন শুরুর আগে কাজী সালাউদ্দিন ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সঙ্গে থাকা বাফুফের অন্য কর্মকর্তাদের উদ্দেশে সালাউদ্দিন বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপের ছবি দিতে হবে। কন্ডিশন হলো, তারা বাপের ফটো পাঠাবে জুতা পরা, ঠিক আছে এটা ম্যান্ডেটরি, বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’ তাঁর এ কথা রেকর্ড হয়ে যায় সামনে থাকা সাংবাদিকদের রেকর্ডারে।
সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্যের পরই সালাউদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল বিএসপিএ। একই সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদের মন্তব্যেরও নিন্দা জানিয়েছে বিএসপিএ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসপিএ বলেছে, ‘সাংবাদিকদের ওপর তাঁদের কতটা বিদ্বেষ, সেটা প্রকাশ পেয়েছে তাঁদের কথাবার্তায়। তাঁরা শুধু সাংবাদিকদের নয়, তাঁদের পরিবার এমনকি সাংবাদিকদের মা-বাবাকে পর্যন্ত কটাক্ষ করতে ছাড়েননি। এটা পুরো সাংবাদিক সমাজকে ভীষণভাবে আহত করেছে।’
গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে সেরা ক্রীড়াবিদ নির্বাচন করেছিল বিএসপিএ। ক্রিকেটার সাকিব আল হাসান সেই তালিকায় প্রথম এবং কাজী সালাউদ্দিন দ্বিতীয় হয়েছিলেন। কিন্তু কাজী সালাউদ্দিন দ্বিতীয় হওয়ায় বাফুফের পক্ষ থেকে সেই সম্মাননা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু একজন ব্যক্তিকে দেওয়া সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত বাফুফে কীভাবে নেয়, সেই প্রশ্নও উঠেছিল তখন।
ওদিকে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে কাজী সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজে। সংগঠনটি বাফুফে সভাপতির পদত্যাগও দাবি করেছে।
কাজী সালাউদ্দীনের বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ, বিদ্বেষপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ’ উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিও (ডিআরইউ)।