লাৎসিও ও রোমা—দুই নগর প্রতিদ্বন্দ্বী যখন মুখোমুখি হয়, এমনিতেই উত্তেজনার পারদ চড়ে থাকে। তবে এবার রোম ডার্বি মাঠে গড়ানোর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে ইতালির ফুটবল অঙ্গন।
সিরি আ কর্তৃপক্ষের ওপর রীতিমতো অগ্নিশর্মা হয়ে চড়াও হয়েছেন লাৎসিও কোচ মরিসিও সারি। ম্যাচের সূচি নিয়ে ক্ষুব্ধ এই অভিজ্ঞ কোচ তো সরাসরি লিগ কর্তাদের পদত্যাগই দাবি করে বসেছেন। এমনকি দাবি না মানলে ডার্বিতে সংবাদমাধ্যম বয়কটের হুমকিও দিয়েছেন।
৭ মে রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় রোমার মুখোমুখি হওয়ার কথা লাৎসিওর। মে মাসের দুপুরের তপ্ত রোদ আর ডার্বির তীব্র চাপের কথা মাথায় রেখেই ক্ষোভে ফেটে পড়েছেন সারি। ক্রেমোনেসের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর ডিএজেডএন ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ধুয়ে দিয়েছেন লিগ আয়োজকদের।
মৌসুমের শুরুতে আমরা ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডার্বি খেলেছি। আর এখন মে মাসের দুপুরে আমাদের খেলতে বাধ্য করা হচ্ছে।মরিসিও সারি
সারির যুক্তি—মে মাসের দুপুর সাড়ে ১২টার তপ্ত গরমে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করা স্রেফ কাণ্ডজ্ঞানহীনতাই নয়, বরং রোম শহরের দুই ঐতিহ্যবাহী ক্লাবের প্রতি চূড়ান্ত অসম্মান। তাঁর কথা, ‘মৌসুমের শুরুতে আমরা ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডার্বি খেলেছি। আর এখন মে মাসের দুপুরে আমাদের খেলতে বাধ্য করা হচ্ছে। এটা রোম শহর, লাৎসিও ও রোমার মতো দুটি বড় ক্লাব এবং ফুটবল–ভক্তদের জন্য চরম অপমান। এই সিদ্ধান্তের দায় কাউকে না কাউকে নিতেই হবে।’
এখানেই থামেননি চেলসির সাবেক এই কোচ। ক্ষুব্ধ কণ্ঠে তিনি আরও যোগ করেন, ‘আমি আশা করি, ওই সময়ে আমাদের খেলতে হবে না। যারা এমন প্রস্তাব দিয়েছে, তাদের পদত্যাগ করা উচিত। যদি শেষ পর্যন্ত এই সময়েই ম্যাচ হয়, তবে প্রতিবাদ হিসেবে আমি কোনো সংবাদ সম্মেলনে অংশ নেব না। সিরি আ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন, তারা কেন ইন্টার বা এসি মিলানকে এ সময়ে খেলায় না?’
৫১ পয়েন্ট নিয়ে সিরি আ টেবিলের ৮ নম্বরে আছে লাৎসিও। চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে । তবে মৌসুমের শেষভাগটা বেশ কঠিন। আগামী শনিবার পরের ম্যাচের প্রতিপক্ষ লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান। এর পরের সপ্তাহে আবার ইন্টারের বিপক্ষেই কোপা ইতালিয়ার ফাইনাল। এরপরই সেই আলোচিত রোম ডার্বি। আর ২৪ মে পিসার বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে লাৎসিও।
ম্যাচ সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা বজায় রেখেছেন সারি। বর্তমান চুক্তি অনুযায়ী, লাৎসিওতে তার মেয়াদ শেষ হবে আগামী বছর জুনে। তবে আগামী মৌসুমে লাৎসিওর ডাগআউটে তাঁকে দেখা যাবে কি না, এমন প্রশ্নে সারি সরাসরি কোনো উত্তর দেননি। বর্তমান চুক্তির মেয়াদ শেষ করা না–করা নিয়ে মৌসুম শেষে বসার ইঙ্গিত দিয়ে রেখেছেন। সারির কথায়, ‘এখনো চারটি ম্যাচ বাকি। আপাতত আমাদের পুরো মনোযোগ সেদিকেই। এরপর ক্লাবের সঙ্গে বসব। তখনই দেখা যাবে চুক্তি অনুযায়ী আমি থাকছি কি না।’