
প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আজ বড় ধাক্কা খেল আর্সেনাল। নিজেদের মাঠে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে স্থানে থাকা বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছে ‘গানার’রা।
এ হারের পর ৩২ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ৯ পয়েন্টে পিছিয়ে ঠিকই, তবে পেপ গার্দিওলার দল খেলেছে ৩০ ম্যাচ। কাল চেলসির বিপক্ষে সিটি জিতে গেলে এই ব্যবধানটা আরও কমে আসবে।
চোটের কারণে এমিরেটসে এই ম্যাচে ছিলেন না দলের দুই প্রাণভোমরা বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড। রক্ষণে ছিলেন না ডাচ তারকা ইউরিয়েন টিম্বার। বোর্নমাউথও অবশ্য পায়নি তাদের ডাচ প্রতিভা জাস্টিন ক্লুইভার্টকে।
ম্যাচের শুরু থেকেই আর্সেনালকে কিছুটা ছন্নছাড়া লাগছিল। সেই সুযোগটাই নেয় অতিথিরা। আদ্রিয়েন ট্রুফার্টের ক্রস উইলিয়াম সালিবার গায়ে লেগে দিক পরিবর্তন করলে সুযোগ পেয়ে যান এলি জুনিয়র ক্রুপি। খুব কাছ থেকে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। বোর্নমাউথ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
পিছিয়ে পড়ার পর জবাব দেওয়ার জন্য যে মরিয়া ভাবটা দরকার ছিল, সেটা দেখা যায়নি আর্সেনালের খেলায়। ডেকলান রাইসের কর্নার থেকে কাই হাভার্টজের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে গিয়ে আক্ষেপ বাড়ায় গানারদের। তবে ৩৫ মিনিটে ভাগ্য সহায় হয় গানারদের। ডিবক্সের ভেতর রায়ান ক্রিস্টির হাতে বল লাগলে পেনাল্টি পায় আর্সেনাল। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান ভিক্টর ইয়োকেরেস (১-১)।
বিরতির পর এবেরেচি এজে, লিয়ান্দ্রো ত্রোসার ও ম্যাক্স ডাউম্যানকে মাঠে নামান আরতেতা। আর্সেনাল আক্রমণের ধার বাড়ালেও গোলমুখ খুলতে পারছিল না। ইয়োকেরেস একবার বল জালে পাঠালেও অফসাইডের পতাকা সেই আনন্দ কেড়ে নেয়।
উল্টো ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে ভাগ্যদেবীর আশীর্বাদ পায় বোর্নমাউথ। একটা ‘ফরচুনেট বাউন্স’ থেকে বল পেয়ে যান অ্যালেক্স স্কট। ঠান্ডা মাথায় আর্সেনাল গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন করেন ২-১। গ্যালারিতে তখন স্তব্ধ আর্সেনাল ভক্তরা।
ম্যাচের শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ চালায় আর্সেনাল। গ্যাব্রিয়েল জেসুস বদলি নেমে সুযোগ নষ্ট করেছেন, সুযোগ নষ্ট করেছেন ইয়োকেরেসও। হারের পাশাপাশি আর্সেনালের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে ইয়োকেরেসের হলুদ কার্ড। এই কার্ডের কারণে আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ছাড়াই নামতে হবে আরতেতাকে।