লিওনেল মেসি ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি
লিওনেল মেসি ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

অবসর নেওয়া মেসিকে খেলতে কীভাবে রাজি করালেন স্কালোনি, নতুন চুক্তির কী খবর

ব্যালন ডি’অর জিততে নিজের পক্ষে কোনো প্রচারণা নেই লিওনেল মেসির। মুখ ফুটে সেটা দাবিও করছেন না, যেটা করছেন লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। রেকর্ড আটবার ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের কি তাহলে বর্ষসেরার এ ট্রফিতে অরুচি ধরে গেল?

না। মেসি এমনই। পুরস্কার জয়ের দৌড়ে মেসিকে তাঁর পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে খুব কম। কিন্তু আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অর অনুষ্ঠান সামনে রেখে মেসি তো তাঁর পক্ষের লোকজনের মুখ বন্ধ রাখতে পারছেন না!

মেসির এবার ব্যালন ডি’অর জেতা উচিত—এ দাবির পক্ষে এরই মধ্যে মুখ খুলেছেন ডেভিড বেকহাম, ডিয়েগো সিমিওনে, সের্হিও আগুয়েরো, ক্রিস্টিয়ান রোমেরো। লিওনেল স্কালোনিই–বা বাদ যাবেন কেন!

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ গতকাল ‘ক্ল্যারিন’কে বলেন, ‘অবশ্যই ব্যালন ডি’অর লিওর প্রাপ্য। তবে আমার মনে হয় না এটা নিয়ে ও খুব একটা চিন্তিত। মাঠে যতক্ষণ থাকে, ব্যালন ডি’অর তার প্রাপ্য নয়, এমনটা ভাবাই কঠিন। তা ছাড়া শুধু আমরা নই, অধিকাংশ মানুষই এই কথা বলছে। আবারও বলছি, সে এটা নিয়ে ভাবছে বলে মনে হয় না, তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

আর্জেন্টিনা দলের অনুশীলনে কোচ স্কালোনি

গত জুলাইয়ে বিশ্বকাপে ৮ গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন মেসি। ইন্টার মায়ামিতে গত মৌসুমে জিতিয়েছেন এমএলএস কাপ এবং কয়েক দিন আগে জেতান ক্যাম্পেনেওস কাপ। পাশাপাশি মোট ৪৮ গোলে অবদানও রাখেন। এত দারুণ খেলেও ব্যালন ডি’অর নিয়ে টুঁ শব্দটি করেননি মেসি। কারণটা সম্ভবত আর্জেন্টাইন কিংবদন্তির ভাবনায় এখন শুধুই জাতীয় দল।

আর কয়েক দিন পরই তো জাতীয় দল নিয়ে মেসির আর না ভাবলেও চলবে! আকাশি-সাদা জার্সি ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন গত আগস্টেই। পরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সিদ্ধান্ত নেয় ঘরের মাঠে সমর্থকদের সামনে ৩৯ বছর বয়সী মেসিকে বিদায় দেওয়ার। সে জন্য এবার আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচের মধ্যে শেষ ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। বেনিনের বিপক্ষে বাংলাদেশ সময় আগামী ৬ অক্টোবর রাতে মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি খেলবে স্কালোনির দল।

প্রশ্ন হলো, মেসি তো অবসর ঘোষণা করেছিলেন গত আগস্টে। এরপর জাতীয় দলের হয়ে আরও একটি ম্যাচ খেলায় তিনি রাজি হলেন ঠিক কীভাবে? কে বা কারা তাঁকে রাজি করালেন?

স্কালোনি মেসির সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। দেশের মাটিতে শেষবারের মতো একটি ম্যাচ খেলার অনুরোধ জানান কিংবদন্তিকে। স্কালোনির ভাষায়, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যাতে সে ম্যাচটি খেলতে পারে। ও কিসের মধ্য দিয়ে যাচ্ছিল, আমরা সবাই জানতাম; তবু দর্শকদের সামনে থেকে বিদায় নেওয়ার যে ইচ্ছা দেখিয়েছে, তা প্রশংসনীয়...বিদায় জানাতে এটাই ছিল উপযুক্ত সময়। ওর মতো একজন ফুটবলারের এটি প্রাপ্য ছিল।’

এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে খুনসুটিতে ক্রিস্টিয়ান রোমেরো

মেসি অবসর ঘোষণা করায় স্কালোনিকে এখন উদ্ভূত কিছু সমস্যার সমাধান করতে হচ্ছে। যেমন ধরুন, আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন মেসি। কিন্তু অবসর ঘোষণা করায় তাঁর জায়গায় তো কাউকে অধিনায়কের দায়িত্ব দিতে হবে! বেনিনের মুখোমুখি হওয়ার আগে দুটি প্রীতি ম্যাচে ১ অক্টোবর বলিভিয়া ও ৪ অক্টোবর বুরকিনো ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই প্রীতি ম্যাচগুলোয় আর্জেন্টিনার অধিনায়ক হবেন কে?

স্কালোনি সমাধান বের করে ফেলেছেন। শুনুন তাঁর মুখেই, ‘অধিনায়ক হবে কুতি (ক্রিস্টিয়ান রোমেরো)। লিও ও ওতার (নিকোলাস ওতামেন্দি) পর সে আগে থেকেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিও আছে, যে আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো এই দুই ম্যাচে খেলছে না, সে-ও নেতৃত্ব দিতে পারে। লাওতারো মার্তিনেজও অধিনায়কের দায়িত্ব নিতে পারে। তবে কুতিই এর জন্য সবচেয়ে যোগ্য।’

রোমেরো এ পর্যন্ত তিন ম্যাচে আর্জেন্টিনার অধিনায়কত্ব করেছেন। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার রক্ষণ সামলানোর সঙ্গে পুরো দলকে নেতৃত্ব দিতে পারবেন বলে আত্মবিশ্বাসী স্কালোনি। অবশ্য ২০২৭ সালে স্কালোনি আর্জেন্টিনার কোচ পদে থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এ কারণে পরবর্তী সময়ে নতুন কোচ এলে আর্জেন্টিনার অধিনায়ক পদে অন্য কাউকেও দেখা যেতে পারে। তবে মেসি–পরবর্তী সময়েও স্কালোনিকে আর্জেন্টিনার কোচ পদে দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্কালোনির নতুন চুক্তির কী খবর

আর্জেন্টিনা দল গতকাল ওপেন অনুশীলন করে। এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলন শেষে নতুন চুক্তি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন স্কালোনি। আগামী ডিসেম্বরে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে হারের পর স্কালোনি তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে নিশ্চিত করে কিছুই বলেননি। আর্জেন্টিনার কোচ পদে বর্তমান মেয়াদ শেষে আর না থাকার ইঙ্গিতও দিয়েছিলেন।

আর্জেন্টিনার কোচ হিসেবে কি থাকবেন স্কালোনি? এখনো প্রশ্নটির উত্তর মেলেনি

তবে পরে জানা যায়, স্কালোনি কোচ হিসেবে থেকে যেতে পারেন। তাঁর সঙ্গে নতুন চুক্তির সব বন্দোবস্ত এএফএ করে ফেলেছে বলেও জানা গিয়েছিল। এসব নিয়েই এজেইজায় সাংবাদিকদের স্কালোনি বলেন, ‘আমাকে নিয়ে নতুন কোনো খবর নেই। সভাপতির সঙ্গে বসব, তিনিও রাজি। নতুন কোনো সিদ্ধান্ত হলে আমরাই আনুষ্ঠানিকভাবে জানাব। গতকাল আমাদের বসার কথা ছিল, কিন্তু একটা জরুরি কাজ পড়ে যায়; আমাকে ডেন্টিস্টের (দাঁতের চিকিৎসক) কাছে যেতে হয়েছিল।’

স্কালোনি এখন খোলাখুলিই জানিয়েছেন, জাতীয় দলের কোচ পদে থেকে যাওয়ার ইচ্ছাটা তাঁর আছে। সে জন্য কিছু বিষয় আগে থেকে ঠিক করার ওপর গুরুত্ব দিয়ে স্কালোনি বলেন, ‘থাকার ইচ্ছা অবশ্যই আছে, তা নিয়ে সন্দেহ নেই। সভাপতির সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে। এত বড় এবং আবেগঘন একটি টুর্নামেন্টের পর একটু বসে ঠান্ডা মাথায় ভাবতেই হয়।’