ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র
ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র

ভিনির ভারতে ফেরার ম্যাচে দলে সাত পরিবর্তন আনতে পারে ব্রাজিল

ভারতে নেমে হোটেলে ঢোকার সময় জনপ্রিয়তা টের পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। লবিতে ঢোকার পথে ‘ভিনি! ভিনি!’ চিৎকার শুনেছেন ভক্তদের। অথচ মাঠের লড়াইয়ে ভারতীয় ভক্তদের হৃদয় বিদীর্ণ করার দায়িত্ব তাঁর কাঁধে!

কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে কার্লো আনচেলত্তি তাঁর দলে সম্ভাব্য সাতটি পরিবর্তন আনতে পারেন। তবে ভিনির খেলা নিশ্চিত। রিয়াল মাদ্রিদ তারকাকে আরেকবার নিজেদের মাটিতে খেলতে দেখবেন ভারতের ফুটবলপ্রেমীরা।

আন্তর্জাতিক সংস্থা ব্রিকসের পাঁচটি দেশ নিয়ে ২০১৬ সালে ভারতের গোয়ায় আয়োজিত হয়েছিল ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। ব্রাজিল এবং ভারতের পাশাপাশি চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা সে টুর্নামেন্টে অংশ নিয়েছিল। প্রথমবার আয়োজিত সেই টুর্নামেন্টে ব্রাজিলকে শিরোপা জেতানোর পথে সর্বোচ্চ ৪ গোল করেছিলেন ভিনিসিয়ুস।

ভারতের ফুটবলপ্রেমীরা যে ভিনির সেই পারফরম্যান্স ভালোই মনে রেখেছেন, সেটা বোঝা গেল সেখানে তাঁর জনপ্রিয়তায়। অবশ্য ব্রাজিল ও রিয়ালে নিয়মিত পারফর্ম করা ভিনি এমনিতেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজন। তবে ১০ বছর আগের সেই ভারত সফর ঠিকই মনে আছে ২৬ বছর বয়সী এ উইঙ্গারের।

ব্রাজিলের অনুশীলনে কোচ আনচেলত্তির সঙ্গে ভিনিসিয়ুস

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মিডিয়া ‘সিবিএফ টিভি’–কে ভিনি বলেন, ‘এগুলো দারুণ সব স্মৃতি; কারণ, আমি যখন ছোট ছিলাম, কখনোই কল্পনা করিনি যে এখানে আবার ফিরব। আমি এ–ও জানতাম না যে সেই সময়ও ভক্তদের মনে আমার জন্য এত ভালোবাসা ছিল।’

ভিনি এরপর বলেন, ‘এই টুর্নামেন্টের (ব্রিকস অনূর্ধ্ব-১৬) সময়ই আমি (জনপ্রিয়তা) বুঝতে পারি এবং এর পরপরই বিশ্বকাপ এল, যেখানে আমি অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও সবাই আমাকে বার্তা পাঠিয়ে গেছে। এটি এমন এক ভক্তগোষ্ঠী, যারা আমাকে খুব কাছ থেকে অনুসরণ করে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি।’

ছবিটি সর্বশেষ বিশ্বকাপে তোলা। রাফিনিয়ার অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে আক্রমণভাগে মূল দায়িত্বটা ভিনির

চোটের কারণে রাফিনিয়া ছিটকে পড়ায় এ ম্যাচে ভিনির ওপর দায়িত্বটা বেশি। রাফিনিয়ার জায়গায় ফ্ল্যামেঙ্গো স্ট্রাইকার পেদ্রোকে খেলাবেন ব্রাজিল কোচ আনচেলত্তি। ভিনি খেলবেন তাঁর চিরাচরিত বাঁ উইংয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে সাতটি পরিবর্তন এনে অনুশীলন করান আনচেলত্তি। সে জন্যই ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের ধারণা, আগের ম্যাচের মতো এই ম্যাচেও দলে সাতটি পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে সাতটি পরিবর্তন এনে ৪-২ গোল জেতেন ইতালিয়ান এই কোচ। এবার ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল কোচ ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন। খেলোয়াড়দের সবাইকে পরখ করে দেখছেন আনচেলত্তি। ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি দিয়ে ২৬ জনের স্কোয়াডে সবারই মাঠে নামা নিশ্চিত হবে। দুই দল এই প্রথমবারের মতো মুখোমুখি হবে।