আর্লিং হলান্ড ও মার্ক গেহির এই হতাশ মুখচ্ছবিই যেন প্রিমিয়ার লিগের হতাশার প্রতিচ্ছবি
আর্লিং হলান্ড ও মার্ক গেহির এই হতাশ মুখচ্ছবিই যেন প্রিমিয়ার লিগের হতাশার প্রতিচ্ছবি

চ্যাম্পিয়নস লিগে এ কোন দুর্দশায় ‘বিশ্বসেরা’ প্রিমিয়ার লিগের পরাশক্তিরা

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো প্রথম লেগের আগে প্রিমিয়ার লিগকে ‘বিশ্বসেরা’ বলে মন্তব্য করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে যে ম্যাচ সামনে রেখে এ মন্তব্য করেছিলেন ফ্লিক, সেই ম্যাচে শেষ পর্যন্ত কেউই জেতেনি। শেষ মুহূর্তে লামিনে ইয়ামালের গোলে কোনোরকমে ড্র করে বার্সা। তবে শেষ ষোলোর প্রথম লেগে শুধু নিউক্যাসল নয়, প্রিমিয়ার লিগের কোনো দলই জেতেনি। এমনকি শীর্ষ তিনটি দল হেরেছে ৩ গোলের বড় ব্যবধানে।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠে এসেছে প্রিমিয়ার লিগের ৬টি ক্লাব। শেষ ষোলোয় ওঠা দলগুলো যেসব লিগ থেকে এসেছে, তাদের মধ্যে প্রিমিয়ার লিগের প্রতিনিধিই সবচেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি ক্লাব এসেছে লা লিগা থেকে। প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাবের একটিও শেষ ষোলো প্রথম লেগে জয়ের মুখ দেখেনি।

গতকাল রাতে শেষ ষোলো প্রথম লেগে চেলসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি, রিয়ালের কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল ১-১ গোলে ড্র করে লেভারকুসেনের বিপক্ষে। এর আগের রাতে লিভারপুল ১-০ গোলে হেরেছে গালাতাসারাইয়ের বিপক্ষে, আতলেতিকো মাদ্রিদ ৫-২ গোলে উড়িয়ে দেয় টটেনহামকে এবং বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে নিউক্যাসল।

চেলসি ও ম্যান সিটির হার বিব্রতকর এক মাইলফলকেও জায়গা করে নিয়েছে। ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম একই দিনে দুটি ইংলিশ ক্লাব ৩ বা এর বেশি গোলের ব্যবধানে হারল।

পিএসজির কাছে বড় ব্যবধানে হেরেছে চেলসি

প্রিমিয়ার লিগের ছয় দলের মধ্যে ৩ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে তিনটি দল এখন বিদায়ের আশঙ্কায় ধুঁকছে। তিন দলের মধ্যে চেলসি ও ম্যান সিটি আবার সাবেক চ্যাম্পিয়ন। আর টটেনহাম পার করছে নিজেদের অন্যতম বাজে সময়। এ ছাড়া গালাতাসারাইয়ের মাঠে হেরে আসা লিভারপুলের চোখ এখন ঘরের মাঠ অ্যানফিল্ডে ঘুরে দাঁড়ানোয়। অন্যদিকে ড্র করেও স্বস্তিতে নেই নিউক্যাসল। বার্সার বিপক্ষে ফিরতি লেগটা যে তাদের ক্যাম্প ন্যুতে খেলতে হবে।

প্রথম লেগের পর তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিতে আছে কেবল আর্সেনাল। এখন ঘরের মাঠে ফিরতি লেগে জিতলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ‘গানার’রা। তবে প্রিমিয়ার লিগ জয়ের পথে বড় ব্যবধানে এগিয়ে থাকা আর্সেনালের বিপক্ষে লেভারকুসেনের পারফরম্যান্সকে বিশেষ কিছুই বলতে হবে।

জয় পায়নি আর্সেনালও

এই ম্যাচের আগে মজা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লেভারকুসেন। যেখানে লেখা ছিল, ‘কর্নার নেওয়ার অনুমতি নেই।’ মূলত কর্নারে গোল করাকে ট্রেডমার্ক বানিয়ে ফেলা আর্সেনালের উদ্দেশে মজা করেই বার্তাটা দিয়েছিল তারা। তবে গতকাল রাতে মাঠের খেলাতেও কিন্তু সে কথার প্রতিফলন দেখা যায়। ম্যাচের প্রথমার্ধে আর্সেনাল কোনো কর্নার পায়নি। চলতি মৌসুমে ৪৭ ম্যাচের মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো কর্নার ছাড়া প্রথমার্ধ পার করল আর্সেনাল।

পিএসজির কাছে চেলসির ৫ গোল খাওয়াও ছিল দলটির জন্য বিব্রতকর ঘটনা। চ্যাম্পিয়নস লিগে মাত্র দ্বিতীয়বারের মতো চেলসি এক ম্যাচে ৫ গোল হজম করল। এর আগে ২০০০ সালে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হেরেছিল তারা।

গতকাল রাতটা ম্যান সিটি কোচ পেপ গার্দিওলার জন্যও ছিল ভুলে যাওয়ার মতো। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব প্রথম লেগে গার্দিওলা তাঁর কোচিং ক্যারিয়ারে যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের হার দেখলেন। এর আগে ২০১৪-১৫ মৌসুমের সেমিফাইনালে বার্সেলোনা এবং ২০১৭-১৮ মৌসুমের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিলেন।