কোচের সঙ্গে অধিনায়ক আফঈদা
কোচের সঙ্গে অধিনায়ক আফঈদা

সাফ নারী ফুটবল

আফঈদাকে বাটলার জানিয়ে দিলেন, ‘তুমি আজ একাদশে নেই’

বাংলাদেশ নারী ফুটবল দলের রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা আফঈদা খন্দকার ক্যারিয়ারের বেশ কঠিন সময় পার করছেন। কদিন আগেই দলের অধিনায়কত্ব হারানো আফঈদা আজ ভারতের বিপক্ষে সাফের গুরুত্বপূর্ণ ম্যাচে মূল একাদশ থেকেও বাদ পড়েছেন।

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে দলের দ্বিতীয় গোলটি হজম করার পেছনে তাঁর রক্ষণ-দুর্বলতাকে দায়ী করা হচ্ছে। অনুশীলনে তাঁর পজিশনে সুরমা জান্নাতকে মূল দলের সঙ্গে খেলানোয় আফঈদার বেঞ্চে বসার আভাস আরও স্পষ্ট হয়েছে। আজ দুপুরে টিম মিটিংয়ে কোচ পিটার বাটলার জানিয়ে দেন, ‘তুমি একাদশে নেই।’ আফঈদার জায়গায় সুরমা জান্নাত খেলবেন বলে জানান বাটলার। দলীয় সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

২০২৩ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেকের পর থেকে সাতক্ষীরার ২০ বছর বয়সী এই ফুটবলার টানা ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১৪টিতেই দলকে নেতৃত্ব দিয়েছেন। আঁখি খাতুন ও মাসুরা পারভীনের অনুপস্থিতিতে রক্ষণভাগের হাল ধরেছিলেন তরুণ আফঈদা। অনূর্ধ্ব-২০ দলেরও অধিনায়ক ছিলেন।

কিন্তু সেই দিন আর নেই। ক্যারিয়ারে এই প্রথম পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন আফঈদা। আজ দলে ঢোকার আলোচনায় ছিলেন ডিফেন্ডার শিউলি আজিম। কিন্তু তাঁর জায়গায় গত ম্যাচে খেলা কোহাতি কিসকুর ওপরই আস্থা রাখতে চান বাটলার।

অধিনায়কত্ব হারানোর পর এবার দলে জায়গাও হারালেন আফঈদা খন্দকার

ভারতের যে খেলোয়াড় ওই জায়গায় খেলেন, তাঁকে শিউলির চেয়ে কোহাতি ভালো আটকাতে পারবেন মনে করছেন বাটলার। তবে টিম মিটিংয়ের শিউলিকে খেলানো না–খেলানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি কোচ। আরেকটু সময় তিনি নিতে চান বলে দলীয় সূত্র জানিয়েছে।

আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুই দলই প্রথম ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করায় ম্যাচটি মূলত গ্রুপসেরা হওয়ার লড়াই। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে আজ অবশ্যই জিততে হবে ভারতের বিপক্ষে, আর ভারতের জন্য ড্র করলেই চলবে।