রোনালদোকে নিয়ে দুই ইউনাইটেড কিংবদন্তির কথার লড়াই
রোনালদোকে নিয়ে দুই ইউনাইটেড কিংবদন্তির কথার লড়াই

রোনালদোর পক্ষে–বিপক্ষে দুই ইউনাইটেড কিংবদন্তির কথার লড়াই

চেলসির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে রুদ্ধশ্বাস ড্রয়ের পরও আড়াল হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্ক। ইংলিশ প্রিমিয়ার লিগের ওই ম্যাচ শেষ হওয়ার পর স্কাই স্পোর্টসের স্টুডিওতে ম্যাচের পর রোনালদোকে নিয়ে কথা লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি গ্যারি নেভিল ও রয় কিন।

নেভিল নিয়েছেন টেন হাগের পক্ষ, রোনালদোর সমালোচনা করেছেন তিনি। তবে সেটি সমর্থন করেননি কিন। পর্তুগিজ তারকার পক্ষেই কথা বলেছেন আইরিশ কিংবদন্তি।

গত বৃহস্পতিবার রাতে ম্যাচ শেষ হওয়ার আগে বদলি নামতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছেড়ে বিতর্কের সূত্রপাত ঘটান রোনালদো। শাস্তি হিসেবে পরের ম্যাচে চেলসির বিপক্ষে তাঁকে দল থেকে বাদ দেন কোচ এরিক টেন হাগ। রোনালদোকে এর ফল ভোগ করতে হবে বলে মন্তব্যও করেছিলেন ডাচ কোচ।

রোনালদোর কড়া সমালোচনা করেছেন নেভিল গ্যারি নেভিল

এমন কঠোর অবস্থানে সাবেক ইউনাইটেড ডিফেন্ডার নেভিলকে পাশে পেয়েছে টেন হাগ। নেভিল বলেছেন, ‘আমার মতে, তার (টেন হাগের) আর কিছু করার ছিল না, আর কোনো বিকল্প ছিল না। বিষয়টা বেশ এলোমেলোভাবে শেষ হয়েছে এবং টেন হাগ নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন।’

সাবেক ইউনাইটেড অধিনায়ক রোনালদোকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছেন, ‘ক্রিস্টিয়ানোর অন্য কোথাও চলে যাওয়া উচিত, যেখানে সে প্রতি সপ্তাহে খেলতে পারবে। কারণ, বেঞ্চে বসে থাকা সে মেনে নিতে পারে না। বিষয়টা এই সপ্তাহে শেষ করা উচিত কিংবা বিশ্বকাপে যাওয়ার আগে শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করা উচিত। এটা তার কোনো উপকার করছে না। ম্যাচ শেষ হওয়ার আগে ড্রেসিংরুম ছেড়ে যাওয়া, এটা করা যায় না। আর তুমি যদি এ রকম কাজ করতে থাকো, তবে তোমাকে ক্লাব ছেড়ে যেতে হবে।’

নেভিলের সঙ্গে ভিন্নমত পোষণ করেন রয় কিন

তবে এরপরই নেভিলের সঙ্গে ভিন্নমত পোষণ করে বক্তব্য দেন কিন। কিংবদন্তি এই মিডফিল্ডার বলেছেন, ‘তারা (ইউনাইটেড) কদিন আগে ম্যান সিটির বিপক্ষে খেলেছে। তখন কোচ বলেছিলেন, “আমি তাকে নামাইনি, কারণ আমি চাইনি তার অসম্মান হোক।” এক সপ্তাহ পর এভারটনের বিপক্ষে সে মাঠে নেমে গোল করল। নিউক্যাসেলের বিপক্ষে শুরু থেকে ছিল।’

এরপর নিজের বক্তব্যের সমর্থনে রোনালদো সম্পর্কে জুভেন্টাসে তাঁর সতীর্থ হিসেবে খেলা লিওনার্দো বুনোচ্চি এবং জর্জিও কিয়েল্লিনির বিরূপ মন্তব্যের কথা স্মরণ করিয়ে দেন নেভিল, ‘তারা (বুনোচ্চি ও কিয়েল্লিনি) ২০ বছর ধরে শীর্ষ খেলোয়াড় ছিল, যারা অনেক শিরোপা জিতেছে। এখন একই ঘটনা ম্যানচেস্টার ইউনাইটেডেও ঘটছে। আমরা তাকে চিনি, ভালোবাসি। তবে শীর্ষ তারকা না থাকার বিষয়টি সে মেনে নিতে পারছে না। সে ক্লাব ছাড়তে যাচ্ছে।’

জবাবে কিন বলেন, ‘ওর আগস্টেই ছেড়ে যাওয়া (ইউনাইটেড) উচিত ছিল। আশা করি জানুয়ারিতে (যাবে)।’ এরপর নেভিল টিপ্পনীও কাটেন, ‘আমি আশা করি, সে সামনের সপ্তাহেই ছেড়ে যাবে।’