নিউ জার্সিতে ব্রাজিলের অনুশীলনে নেইমার
নিউ জার্সিতে ব্রাজিলের অনুশীলনে নেইমার

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার, যা জানিয়েছেন ব্রাজিল কোচ

বাঁচামরার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ বত্রিশে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান। ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল নেইমারের ‘গেম টাইম’ নিয়ে। আগের ম্যাচে বদলি নামানো এই ফরোয়ার্ডকে এবার কি শুরু থেকে খেলানো হবে?

জবাবে আনচেলত্তি যা বলেছেন, তাতে অবশ্য জাপানের বিপক্ষেও নেইমারকে শুরু থেকেই মাঠে দেখার সম্ভাবনা কম বলেই আভাস।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। তবে তাঁকে ঠিক কতক্ষণ খেলানো হবে, তা পুরোপুরি নির্ভর করবে মাঠের পরিস্থিতির ওপর। নেইমার ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচ দিয়ে।

সেদিন দ্বিতীয়ার্ধে নেমে ১৫ মিনিট খেলেছিলেন তিনি। এবার জাপানের বিপক্ষে তাঁর খেলার সময় আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত, পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

কার্লো আনচেলত্তি

এদিকে ছন্দে থাকা ফরোয়ার্ড মাতেউস কুনিয়াকে স্কটল্যান্ডের বিপক্ষে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর সিদ্ধান্তটি বেশ কাজে দিয়েছে বলে মনে করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, ‘শেষ ম্যাচে কুনিয়াকে কোনো নির্দিষ্ট পজিশনে না রাখাটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে। প্রতিপক্ষ যাতে সহজে আমাদের চাল বুঝতে না পারে, সে জন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন অদলবদল করা খুবই জরুরি। ব্রুনো, পাকেতা ও কুনিয়া—এই তিনজন গত দুই ম্যাচে এই কৌশল দারুণভাবে মাঠে ফুটিয়ে তুলেছে।’

আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। সে ক্ষেত্রে আগামী রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে নরওয়ে অথবা আইভরিকোস্টের।