ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া
ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া

বিশ্বকাপে গরিব গোয়ালার ছেলের রেকর্ড নেই মেসি–নেইমারেরও

ভিডিওটি এখনো টুইটারে দেখা যায়।

এনার ভ্যালেন্সিয়াকে স্ট্রেচারে তুলে পড়িমরি করে ছুটছেন কর্মীরা। পেছনে ধাওয়া করছে পুলিশ। কাল আল খলিফা স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তেও স্ট্রেচারে উঠতে হয়েছে ইকুয়েডর অধিনায়ককে। এবার আর পুলিশের গ্রেপ্তার এড়াতে চোট পাওয়ার অভিনয় নয়, পায়ে সত্যি সত্যিই চোট পেয়েছিলেন ভ্যালেন্সিয়া। হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছিলেন। সেটি পায়ের ব্যথায় নাকি বুকে বেজে চলা সুখের ব্যথায়, তা কে জানে! তবে এনার ভ্যালেন্সিয়া জানতেন, গোটা ইকুয়েডর তাঁর জন্য প্রার্থনা করছে।

ইকুয়েডরিয়ানরা চিরবসন্তের দেশে (কিটো) বাস করেন। কিন্তু তাঁদের দেশ বিশ্বকাপে কখনো বাসন্তিক ছোঁয়া পায়নি। আগে মাত্র তিনবার বিশ্বকাপে খেলে একবার শেষ ষোলোয় ওঠাকে আর যাই হোক বাসন্তিক সাফল্য বলা যায় না। ইকুয়েডরের কাছ থেকে তেমন কিছু কেউ প্রত্যাশাও করে না। কিন্তু এই দলেরই কেউ যদি তাঁর দেশকে শেষ ষোলোয় পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখান, সবগুলো গোল একাই করে দেন এবং তারপর চোটে পড়েন—তাহলে?

আবেগ ধরে রাখা অসম্ভব। ইকুয়েডরের ফুটবলপ্রেমীরাও পারেনি। শুধু এক ভক্তের একটি টুইটেই বিষয়টি বুঝিয়ে দেওয়া যায়, ‘এনার ভ্যালেন্সিয়াকে স্ট্রেচারে নেওয়া হচ্ছে কেন? তাঁকে নায়কের মর্যাদা দিয়ে কাঁধে তুলে নেওয়া উচিত সতীর্থদের।’
সেই ভক্তের এই কথাতেই লুকিয়ে আছে সব মাধুর্য।

ইকুয়েডরিয়ান ফুটবলে যাঁকে ‘নায়ক’ হিসেবে দেখা হয়, সেই আন্তনিও ভ্যালেন্সিয়া কাল স্টেডিয়ামের কিংবদন্তিদের বক্সে বসে ম্যাচটি দেখেছেন। তিন বছর আগেই জাতীয় দল ছাড়া সাবেক এই স্ট্রাইকার ম্যানচেস্টার ইউনাইটেডে খ্যাতি কুড়িয়েছেন। তার মাঝেই বেড়ে উঠেছেন আরেক ভ্যালেন্সিয়া—ইকুয়েডরের ক্লাব এমলেকে খেলার সময় গতিসম্পন্ন দূরপাল্লার শটের জন্য ‘সুপারম্যান’ নামে খ্যাতি কুড়িয়েছেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়া

২০১৪ সালে ওয়েস্ট হামের হয়ে হাল সিটির বিপক্ষে এক ম্যাচে ঘণ্টায় প্রায় ৭০ মাইল বেগের শটে গোল করে হইচইও ফেলে দিয়েছিলেন।ভ্যালেন্সিয়াকে ওয়েস্ট হাম সে বছরের জুলাইয়ে উড়িয়ে এনেছিল আগের মাসে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে দ্যুতি ছড়ানোর জন্য। গ্রুপপর্বে ইকুয়েডরের তিন ম্যাচের প্রথম দুটিতে ৩ গোল করেছিলেন ভ্যালেন্সিয়া। সুইজারল্যান্ডের বিপক্ষে ১টি, হন্ডুরাসের বিপক্ষে ২টি। ফ্রান্সের সঙ্গে শেষ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ব্রাজিল বিশ্বকাপে ইকুয়েডরের করা তিনটি গোলই ছিল এনার ভ্যালেন্সিয়ার। ২০১৮ বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ইকুয়েডর।

এবার কাতারের টিকিট পেয়ে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচের একটিতে জয় এবং অন্যটিতে ড্র করে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে ইকুয়েডর। সেনেগালের বিপক্ষে মঙ্গলবার শেষ ম্যাচটা জিতলেই মিলবে দ্বিতীয় রাউন্ডের (শেষ ষোলো) টিকিট। তা মিলবে কি না, সময়ই বলে দেবে।

আপাতত ইকুয়েডরের দুটি ম্যাচের স্কোরকার্ড দেখাচ্ছে, লাতিন আমেরিকার দলটির করা ৩ গোলের সব কটি এনার ভ্যালেন্সিয়ার! অর্থাৎ, বিশ্বকাপে ইকুয়েডরের করা শেষ ছয় গোলের সব কটিই করেছেন এই গোয়ালার ছেলে।

প্রবাদে আছে, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো—এ অমৃত বচনের সাফাই ধরে গোয়ালার ঘরের গল্পে পরে আসা যাবে। আগে ভ্যালেন্সিয়ার কীর্তিটা জানিয়ে রাখা যাক। লাতিন আমেরিকার আর কোনো খেলোয়াড় বিশ্বকাপে তাঁর দেশের টানা ছয়টি গোল করে দেননি, এমনকি মেসি–নেইমারের মতো তারকারাও যা পারেননি, সেটাই করেছেন ভ্যালেন্সিয়া। এখন এমন খেলোয়াড় যদি চোট পেয়ে মাঠ ছাড়েন, তাহলে গোটা দেশ তো প্রার্থনায় বসবেই। দুই দিন পরই সেনেগালের বিপক্ষে বাঁচা–মরার ম্যাচ, জিততে হলে গোল করতে হবে, আর ভ্যালেন্সিয়া না থাকলে গোল করবেন কে!

ইকুয়েডর–ভক্তদের জন্য সুসংবাদ, সেনেগালের বিপক্ষে ম্যাচের আগেই ভ্যালেন্সিয়ার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। স্ট্রেচারে মাঠ ছাড়লেও শেষ বাঁশি বাজার পর মাঠে ঢুকেছেন, সতীর্থদের সঙ্গে ড্র–টা উদ্‌যাপনও করেছেন। সেটাই স্বাভাবিক। ভ্যালেন্সিয়া সমতাসূচক গোলটি না করলে ইকুয়েডরের শেষ ষোলোয় ওঠার আশা যে এভাবে জেগে উঠত না। আসলে বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে কীভাবে জেগে উঠতে, হয় তা জীবন থেকেই শিখেছেন ভ্যালেন্সিয়া।

২০১৪ বিশ্বকাপের সেই ছবিটা কি মনে আছে? সুইজারল্যান্ডের বিপক্ষে গোলের পর দুই হাত ছড়িয়ে ওপরের দিকে তাকালেন ভ্যালেন্সিয়া। নিঃসীম আকাশে যেন কাউকে খুঁজছিলেন? হয়তো ধন্যবাদ জানাচ্ছিলেন সৃষ্টিকর্তাকে। তাঁর জন্যই তো এত দূর উঠে আসা। সান লরেঞ্জোর এই ছেলে এতটা উচ্চতায় উঠে আসবেন, সেটা কে ভেবেছে! ভ্যালেন্সিয়া নিজেও হয়তো ভাবেননি।

এনার ভ্যালেন্সিয়া

ইকুয়েডরের এসমারেলদা প্রদেশের সান লরেঞ্জোতে ভ্যালেন্সিয়ার জন্ম। বেড়ে ওঠাও সেখানে। বাবা ছিলেন গোয়ালা, দুধ বেচে সংসার চালাতেন। ছোট্ট ভ্যালেন্সিয়া সাহায্য করতেন বাবাকে। ফাঁকে ফাঁকে চলত ফুটবল। কিন্তু ফুটবল খেলতে বুট লাগে, সেটা জোগাড় হবে কোত্থেকে? দুধ বেচে কেনা হলো বুট। ব্রাজিল বিশ্বকাপেই সে কথা জানিয়েছেন ভ্যালেন্সিয়া, ‘গ্রামে আমি যখন ছোটবেলায় দুধ বিক্রি করতাম, তখন থেকেই আমার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখার শুরু। গ্রামে দুধ বিক্রি করে আমি বুট কিনেছিলাম।’

খেলতে খেলতে সুযোগ পেয়ে যান স্থানীয় কারিবে জুনিয়র ক্লাবে। আন্তনিও ভ্যালেন্সিয়াও এই ক্লাব থেকে উঠে এসেছেন। এনার শুরুতে উইঙ্গার হিসেবে খেললেও স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করেছেন ২০১৩ সালে ইকুয়েডরের স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনিতেজের মৃত্যুর পর। এই শূন্যতা পূরণেই এনার ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার হয়ে ওঠা এবং এই ৯ বছরে নিজের জায়গায় ভ্যালেন্সিয়ার খেলা দেখে বেনিতেজের কোনো আক্ষেপ থাকার কথা নয়। ক্লাব ফুটবল বাদ দিন, বিশ্বকাপে দেশের হয়ে একটি গোল করাই যেখানে ফুটবলারদের স্বপ্ন, সেখানে দেশের টানা ছয়টি গোলই করে দেওয়া—কল্পনাতীত ব্যাপার।

তবে ভ্যালেন্সিয়ার কল্পনাশক্তি কিন্তু বেশ ভালো। আরেকটু গভীরে তাকিয়ে বলা যায়, যেভাবে আগেই গোলের গন্ধ পান, তেমনি বিপদ–আপদের বিষয়টিও ক্ষুরধার কল্পনাশক্তিতে বুঝে ফেলেন। ২০১৬ সালের একটি ঘটনা শুনুন।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩–০ গোলে এগিয়ে ছিল চিলি। ম্যাচের একদম শেষ দিকের খেলা চলছিল। এমন সময় ভ্যালেন্সিয়া কাটা কলাগাছের মতো মাটিতে পড়ে গেলেন। সবাই ভেবে নেন বড় কোনো চোট পেয়েছেন। মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাঁকে অ্যাম্বুলেন্সে তোলার পথে ঘটনাটি টের পাওয়া যায়। পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য মাঠে দাঁড়িয়ে ছিল। ভ্যালেন্সিয়া বিষয়টি বুঝতে পেরে চোটে পড়ার অভিনয় করেন এবং তড়িৎ অ্যাম্বুলেন্সে উঠে গ্রেপ্তার এড়ান। সোজা কথায়, পালিয়ে যান। পুলিশ কিন্তু হাল ছাড়েনি। তাঁকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানেও হানা দিয়েছে। সে সময় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে সন্তানকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছিল। যাই হোক, সেই ঘটনা এখন অতীত।

গোলের পর ইকুয়েডর খেলোয়াড়দের ভিন্নধর্মী উদযাপন, মাঝে এনার ভ্যালেন্সিয়া

ভ্যালেন্সিয়া বর্তমানটাই মধুর। নামগুলো একবার দেখুন—ইউসেবিও (১৯৬৬), পাওলো রসি (১৯৮২) ও ওলেগ সালেঙ্কো (১৯৯৪)। প্রথম দুজন তো কিংবদন্তি। এই তিনজনের পাশে নাম লিখিয়েছেন ভ্যালেন্সিয়া। বিশ্বকাপের ইতিহাসে যে চার ফুটবলার দেশের টানা ৬ গোল করেছেন, ভ্যালেন্সিয়া এখন তাঁদের একজন। পর্তুগালের ইউসেবিও, ইতালির রসি ও রাশিয়ার সালেঙ্কার পর ভ্যালেন্সিয়া—সত্যিই জন্ম যে ঘরেই হোক, ফুটবল সবাইকে তুলে আনে এক কাতারে!