একদিকে উত্তর লন্ডনের আভিজাত্য, অন্যদিকে ম্যানচেস্টারের নীল বিপ্লব। ইংলিশ ফুটবলে মৌসুমের প্রথম বড় ট্রফি ‘কারাবাও কাপ’ কার হাতে উঠবে? মিকেল আরতেতা নাকি পেপ গার্দিওলা? এমিরেটসের ডাগআউট থেকে আসা সেই তরুণ কি আজ টেক্কা দেবেন তাঁরই এক সময়ের গুরুকে?
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দল যখন ফাইনালে মুখোমুখি হয়, তখন লড়াইটা স্রেফ একটা রুপালি ট্রফির থাকে না; হয়ে দাঁড়ায় মনস্তাত্ত্বিক যুদ্ধও। লিগে আর্সেনাল এখন ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে। যদিও হাতে এক ম্যাচ আছে গার্দিওলার, তবু লিগের মুকুটটা এখন গানারদের দিকেই হেলে।
ওয়েম্বলিতে আজকের এই ফাইনাল তাই সিটির জন্য যেমন ঘুরে দাঁড়ানোর মঞ্চ, আর্সেনালের জন্য তেমনি নিজেদের সাম্রাজ্য বিস্তারের ঘোষণাও হতে পারে।
২০২০ সালে এফএ কাপ জেতার পর আর্সেনালের শোকেসে বড় কোনো ট্রফি ঢোকেনি। দীর্ঘ খরা কাটানোর এর চেয়ে বড় সুযোগ আর হয় না। আর্সেনাল যদি এই ট্রফিটা উঁচিয়ে ধরতে পারে, তবে ‘কোয়াড্রাপল’ বা চার ট্রফি জয়ের যে স্বপ্ন উত্তর লন্ডনের ক্লাবটি দেখছে, তাতে এক নতুন মাত্রা যোগ হবে। ১৯৯৩ সালের পর আর এই লিগ কাপ জেতা হয়নি গানারদের। বর্তমান দলের অনেক ফুটবলারের তখন জন্মই হয়নি!
অন্যদিকে ম্যানচেস্টার সিটির জন্য সপ্তাহটা ছিল দুঃস্বপ্নের মতো। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে তাদের ইউরোপীয় স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। গার্দিওলার জন্য এই ফাইনাল এখন একপ্রকার সম্মান বাঁচানোর লড়াই। দুই বছর আগে কমিউনিটি শিল্ড জেতার পর সিটির ক্যাবিনেটেও আর বড় কোনো ট্রফি যায়নি। লিগ কাপে অবশ্য সিটির দাপট প্রশ্নাতীত। আটবার এই শিরোপা জিতেছে তারা। গার্দিওলা নিজেও দাঁড়িয়ে এক অনন্য রেকর্ডের সামনে—পঞ্চমবারের মতো এই টুর্নামেন্ট জেতা প্রথম কোচ হওয়ার হাতছানি তাঁর সামনে।
ওয়েম্বলিতে খেলোয়াড় ও কোচ হিসেবে আটটি ম্যাচে অপরাজিত আরতেতা। সেমিফাইনালে চেলসির বিপক্ষে কাই হাভার্টজের সেই নাটকীয় গোলের পর গানাররা যে আত্মবিশ্বাস কুড়িয়েছে, তা যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ। বিশেষ করে গত মঙ্গলবার লেভারকুসেনকে চ্যাম্পিয়নস লিগে অনায়াসে হারিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার যে রেকর্ড তারা গড়েছে, তাতে আত্মবিশ্বাসের পারদটা এখন আকাশচুম্বী।
উল্টো ছবি সিটির শিবিরে। সর্বশেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয়। গার্দিওলার হয়তো এটা শেষ মৌসুম হতে পারে, আর সেই বিদায়ী বেলায় রিয়ালের কাছে হার আর লিগে পিছিয়ে থাকা—সব মিলিয়ে ড্রেসিং রুমে ছন্দটা ঠিক নেই। তবে সিটি তো সিটি-ই! লিগ কাপের শেষ নয়টি ফাইনালের আটটিতেই জিতেছে তারা।
ইতিহাস বলছে, আর্সেনাল এই প্রতিযোগিতার ফাইনাল হেরেছে ছয়বার, যা যেকোনো দলের চেয়ে বেশি। অন্যদিকে সিটির বিপক্ষে শেষ ছয় ম্যাচে হারেনি আরতেতার দল। তবে দিন শেষে ফুটবল তো আর শুধু পরিসংখ্যানের খেলা নয়, কৌশলেরও।
সেই কৌশলে কে বাজিমাত করলেন, তা জানতে ফাইনালের শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।