ক্রিস উড (বাঁয়ে) ও টমি স্মিথ (ডানে)
ক্রিস উড (বাঁয়ে) ও টমি স্মিথ (ডানে)

১৬ বছর পরও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে তারা দুজন

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নিউজিল্যান্ড বড় কোনো দল নয়। ওশেনিয়ার দেশটি এখন পর্যন্ত খেলেছেই মাত্র দুবার। এবার সেই নিউজিল্যান্ডের হয়ে একটি কীর্তি গড়তে চলেছেন ক্রিস উড ও টমি স্মিথ। নিউজিল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এ দুজন।

২০১০ বিশ্বকাপে খেলা উড ও স্মিথকে নিয়ে আজ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন নিউজিল্যান্ড কোচ ড্যারেন বেজলি। এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে বেলজিয়াম, মিসর ও ইরানের সঙ্গে খেলবে নিউজিল্যান্ড।

৩৪ বছর বয়সী উড বর্তমানে প্রিমিয়ার লিগের দল নটিংহাম ফরেস্টে খেলেন। আর স্মিথ খেলেন ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের দল ব্রেইনট্রি টাউনে। অকল্যান্ডে দল ঘোষণার কোচ বেলজি বলেন, গত ১৫ মাসে ১০টি ম্যাচে ৪০ খেলোয়াড়কে মাঠে নামানো হয়েছে। যে কারণে ২৬ জনের দল তৈরি করা কঠিন ছিল।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের তিন প্রতিপক্ষই শক্তিশালী। ফিফা র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৮৫তম দল নিউজিল্যান্ডকে খেলতে হবে ৯ নম্বর বেলজিয়াম, ২০ নম্বর ইরান ও ২৯ নম্বরে থাকা মিসরের বিপক্ষে। বেলজির বিশ্বাস, তাঁর দল গ্রুপ পর্বের গণ্ডি পার হতে পারবে, ‘ইরান, মিসর, বেলজিয়াম এবং তার পরবর্তী ধাপের মোকাবিলা করার জন্য আমরা সম্ভাব্য সেরা দলটি পেয়েছি বলে আত্মবিশ্বাসী।’

১৬ বছর পর বিশ্বকাপে জায়গা করেছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ দল

গোলরক্ষক: ম্যাক্স ক্রোকোম্ব, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।
ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবেরাতো ক্যাকাচি, ন্যান্ডো পেইনকার, ফিন সারম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।
মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিচ, সারপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।
ফরোয়ার্ড: ক্রিস উড, এলিজা জাস্ট, কস্তা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাকাওয়াট, জেসি র‍্যান্ডাল, ল্যাকলান বেলিস।