তাঁদের মধ্যে বন্ধুত্ব থাকার কথা নয়। একজন আর্জেন্টিনার মধ্যমণি, আরেকজন ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের মধ্যে একজন। লা লিগায় ছয় বছর খেলেছেন একে অন্যের বিপক্ষে—মেসি বার্সেলোনায়, কাসেমিরো রিয়ালে। সময়ের পরিক্রমায় মেসি ছেড়েছেন বার্সা আর কাসেমিরো রিয়াল ছেড়ে এখন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে মেসির বিপক্ষে এত দিন খেলা কাসেমিরোর চোখে মেসি প্রজন্মের সেরা। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মতে, যারা ফুটবল ভালোবাসে, তারা মেসিকেও ভালোবাসবে।
প্রজন্মসেরার প্রশ্নে অবশ্য কাসেমিরো আরও দুটি নাম জুড়ে দিয়েছেন, যে দুজনের সঙ্গেই খেলেছেন এই মিডফিল্ডার। রিয়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দীর্ঘদিন খেলছেন তিনি, আর নেইমার তো তাঁর ব্রাজিলিয়ান সতীর্থ।
এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেছেন, ‘ম্যারাডোনা, পেলের খেলা দেখার সুযোগ পাইনি। কিন্তু আমি আমাদের প্রজন্মের সেরা তিন ফুটবলার মেসি, ক্রিস্টিয়ানো, নেইমারের খেলা উপভোগ করেছি।’
কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দলের অধিনায়ক মেসির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব নিয়েও কথা বলেছেন কাসেমিরো, ‘মেসি একটা যুগ তৈরি করেছে, বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে সে সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। যে ফুটবলকে ভালোবাসে, সে মেসিকেও ভালোবাসবে। তার বিপক্ষে খেলাটা আনন্দের। মেসি এমন একজন ফুটবলার, যার সম্পর্কে আমার কোনো মন্তব্যের প্রয়োজন নেই, আপনি শুধু যার প্রশংসাই করতে পারবেন।’
তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনাল জয়ের ম্যাচটি দেখা হয়নি কাসেমিরোর। গত কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল, যে কারণে এক মাস কোনো খেলাই দেখেননি এই ব্রাজিলিয়ান, ‘না, আমি কাতার বিশ্বকাপের ফাইনাল দেখিনি। সত্যি বলতে, আমরা হারার পর এক মাস কোনো খেলাই দেখিনি, টিভি চালাইনি। অনেক কষ্টের ছিল। আমার একজন কাছের বন্ধু লিচা (লিসান্দ্রো মার্তিনেজ), যে শিরোপা জিতেছিল। আমি তাকে শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে অভিনন্দন জানিয়েছি।’