
আর্সেনাল এবার প্রিমিয়ার লিগ জিততেও পারে, না–ও জিততে পারে।
তবে একটা জায়গায় আগেভাগে জিতে গেছে মিকেল আরতেতার দল। দীর্ঘ ৩২ বছর ধরে টিকে থাকা এক অনন্য রেকর্ড ভেঙে দিয়ে আর্সেনাল এখন প্রিমিয়ার লিগের ইতিহাসের নতুন ‘কর্নার কিং’। শনিবার এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এই নতুন ইতিহাস গড়েছে আরতেতার দল।
নিউক্যাসলের বিপক্ষে শর্ট কর্নার থেকে এবারেচি এজের করা গোলটি ছিল চলতি ২০২৫-২৬ মৌসুমে কর্নার থেকে আর্সেনালের করা ১৭তম গোল। আর এই এক গোলেই ওল্ডহ্যাম অ্যাথলেটিকের তিন দশকের বেশি সময়ের পুরোনো রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছে আর্সেনাল। ১৯৯২-৯৩ মৌসুমে ওল্ডহ্যাম কর্নার থেকে ১৬টি গোল করে যে রেকর্ড গড়েছিল, তা এতকাল কেউ টপকাতে পারেনি।
কর্নারে আর্সেনালের এই রেকর্ডের অন্যতম কারিগর নিকোলাস জোভের। জার্মান-বংশোদ্ভূত এই ফরাসি সেট-পিস কোচ ২০২১ সালে ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দেন। গত কয়েক মৌসুমে সেট-পিসে দলটিকে তিনি অন্য উচ্চতায় তুলেছেন। ২০২৩-২৪ মৌসুমে আর্সেনাল কর্নার থেকে ১৬টি গোল করে ওল্ডহ্যামের রেকর্ডে ভাগ বসায়। গত মৌসুমেও বুকায়ো সাকারা কর্নার থেকে করেন ১৪ গোল।
জোভেরের ছোঁয়ায় আর্সেনাল সেট-পিসে এতটাই সাফল্য পেয়েছে যে ২০২৫ সালে চুক্তি নবায়নের সময় বোনাসের একটি বিশেষ ধারাও যোগ করান তিনি। এই ধারা অনুযায়ী, ডেড বল পরিস্থিতিতে গানারদের সাফল্যের জন্য তাঁকে বোনাস দেওয়া হবে।
মাঠে জোভেরের পরিকল্পনা বাস্তবায়ন করে থাকেন জুরিয়েন টিম্বার, গ্যাব্রিয়েল মাগালেস, মিকেল মেরিনোরা।
টিম্বার যেমন চলতি মৌসুমে কর্নার থেকে তিনটি গোল করেছেন, মাগালেস, মার্টিন জুবিমেন্ডি আর মেরিনো করেছেন দুটি করে। এমনকি প্রতিপক্ষ রক্ষণকে প্রবল চাপে রাখার মাধ্যমে আর্সেনাল কর্নার থেকে দুটি আত্মঘাতী গোলও আদায় করেছে এবারের মৌসুমে।
এবারের লিগে এখনো ৪টি ম্যাচ বাকি আর্সেনালের। আরতেতার দল যেভাবে উড়ছে, তাতে এই ১৭ গোলের সংখ্যাটা যে আরও বাড়বে, সে অনুমান করাই যায়। তবে আর্সেনাল সমর্থকেরা অবশ্য এখন আরও বড় কিছুর অপেক্ষায়।
এই রেকর্ড গড়া গোলের মালা কি শেষ পর্যন্ত অধরা প্রিমিয়ার লিগ শিরোপাটি হাতে এনে দেবে? অবসান হবে কি ২২ বছরের অপেক্ষার? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল।