নভেম্বরে লিগে সর্বশেষ দেখায় আবাহনীকে ৩–২ গোলে হারায় মোহামেডান
নভেম্বরে লিগে সর্বশেষ দেখায় আবাহনীকে ৩–২ গোলে হারায় মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগ

কুমিল্লায় আজ আবাহনী-মোহামেডান ম্যাচ, দুই দলের দুই রকম লড়াই

‘আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে আগের সেই উত্তাপ নেই’—কুমিল্লা থেকে কাল মুঠোফোনে আবাহনী লিমিটেডের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক মিডফিল্ডার সত্যজিৎ দাশ রুপুর বলা এ কথাটি আসলে অনেক বছর ধরেই শুনতে হচ্ছে।

দেশের ফুটবলের সেই সোনালি দিন, গ্যালারিভর্তি দর্শকের উন্মাদনা, ঘরোয়া ফুটবল নিয়ে তর্কের ঝড়—সবই এখন স্মৃতি। তবু নামের ভারে হলেও আবাহনী–মোহামেডান ম্যাচের একটা গুরুত্ব এখনো আছে। আজ বেলা সাড়ে তিনটায় কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শুরু দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াইয়ে তাই দেশের ফুটবলামোদীদের দৃষ্টি থাকবেই।

১৮ ম্যাচের লিগে ১১ রাউন্ড শেষে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস। ১৯ পয়েন্ট নিয়ে তিনে থাকা আবাহনীর জন্য আজকের ম্যাচটি শিরোপার দৌড়ে টিকে থাকার। অন্যদিকে মাত্র ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা মোহামেডানের জন্য লড়াইটা এখন আরও নেমে না যাওয়ার পরীক্ষা।

প্রথম পর্বের লড়াইয়ে কুমিল্লার মাঠেই আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছিল মোহামেডান। তবু পয়েন্ট তালিকার অবস্থার কারণেই আজ ম্যাচের আগে তারা মানসিকভাবে অনেকটাই পিছিয়ে থাকবে। কোচ আলফাজ আহমেদের তবু প্রত্যাশা, আবাহনীকে হারিয়ে টেবিলের ওপরের দিকে উঠে আসবে তাঁর দল। প্রত্যাশিত সে জয়ের জন্য উজবেক মিডফিল্ডার মোজাফরভ আর ঘানার স্ট্রাইকার বোয়াটেংয়ের দিকেই তাকিয়ে থাকবে সাদাকালোরা।

আবাহনী–মোহামেডান ম্যাচে একটা সময় গ্যালারি এমন ভরাই থাকত

অবশ্য দলের বর্তমান অবস্থা নিয়ে কোচ আলফাজের কণ্ঠে হতাশাই ঝরছে বেশি। ২৩ বছর পর গত মৌসুমে দেশের শীর্ষ লিগ জেতা সাদাকালোরা এবার ধুঁকছে। লিগে লম্বা বিরতি, সার্কের খেলোয়াড়দের স্থানীয় কোটায় খেলানো এবং বিদেশি খেলোয়াড়ের কোটা কমে যাওয়াকেই মোহামেডানের ব্যর্থতার কারণ মনে করেন আলফাজ, ‘বারবার লম্বা বিরতি পড়লে খেলার জৌলুশ থাকে না। আবার সেই প্রথম থেকে শুরু করতে হয়। গতবার বিদেশি ফুটবলার ছিল চারজন, এবার তিনজন। তা ছাড়া আমরা সার্ক কোটায় কোনো খেলোয়াড় নিইনি। এসবই দলের খারাপ করার অন্যতম কারণ।’

স্বস্তি নেই আবাহনী শিবিরেও। মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে ও এমেকা থাকলেও চোটের কারণে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ব্রুনোর আজ খেলার সম্ভাবনা নেই। তবে তাঁর অনুপস্থিতিতেও মোহামেডানকে হারিয়ে শিরোপার লড়াইয়ে ভালোভাবে থাকার আশা আবাহনীর। সহকারী কোচ প্রাণতোষ দাসের লক্ষ্যও পরিষ্কার, ‘লড়াইয়ে থাকতে হলে এ ম্যাচে আমাদের জয় চাই-ই চাই। জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।’

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হবে আবাহনী–মোহামেডান ম্যাচ

গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ ফুটবল লিগে বারবার বিরতি পড়েছে জাতীয় দলের ম্যাচের জন্য, মাঝে খেলা বন্ধ থেকেছে জাতীয় নির্বাচনের কারণে। ফুটবলাররা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন। তবে বাফুফের সূচি অনুযায়ী আজ থেকে লিগ শুরু হয়ে আর বিরতি নেই। বাকি আট রাউন্ড একটানা চলবে, লিগ শেষ হওয়ার কথা ২৩ মে।

আজ লিগের অন্য দুটি ম্যাচে মুন্সিগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেনসের মুখোমুখি হবে ব্রাদার্স এবং গাজীপুরে পিডব্লিউডি লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। তবে চোখ থাকবে কুমিল্লার মাঠেই। সত্যজিৎ দাশ রুপুর কথায় যতই হাহাকার থাকুক, আবাহনী–মোহামেডান ম্যাচ বলে কথা!