আগামী ২ সেপ্টেম্বর চীনের উদ্দেশে দেশ ছাড়বেন পুরুষ হকি দলের খেলোয়াড়েরা
আগামী ২ সেপ্টেম্বর চীনের উদ্দেশে দেশ ছাড়বেন পুরুষ হকি দলের খেলোয়াড়েরা

জার্মানি বা মিসর নয়, এশিয়াডের আগে প্রস্তুতি নিতে চীন যাচ্ছে হকি দল

আগামী মাসে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আগে বাংলাদেশ হকি দল কোথায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই ছিল নানা আলোচনা। জার্মানি, চীন নাকি মিসর—শেষ পর্যন্ত কোন দেশ হবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পের ঠিকানা, সেটিই ছিল মূল প্রশ্ন। সব আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চীনকেই বেছে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

শুধু পুরুষ হকি দল নয়, নারী দলও চীনে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে দুই জাতীয় দলই সেখানে প্রায় দুই সপ্তাহ অবস্থান করবে এবং বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক (প্রিন্স) আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছেলে ও মেয়ে—দুই দলেরই চীন সফরের ভিসা হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ সেপ্টেম্বর চীনের উদ্দেশে দেশ ছাড়বেন পুরুষ দলের খেলোয়াড়েরা। নারী দল অবশ্য এর দুই দিন আগেই, ৩০ আগস্ট চীনের পথে রওনা হবে।

দুই দলের চীন সফরের বিষয়ে আরিফুল হক বলেন, ‘আমাদের প্রথম পছন্দ ছিল জার্মানি। কিন্তু ভিসা জটিলতায় সেটা আর হয়নি। এখন ছেলে-মেয়ে দুই দলই চীনে যাবে। সেখানেই হবে তাদের এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প।’

চীনে ক্যাম্প চলাকালে পুরুষ দল মোট পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে

চীনে পুরুষ হকি দল বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। জানা গেছে, চীন জাতীয় হকি দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর বাইরে বেইজিংয়ের স্থানীয় একটি ক্লাবের বিপক্ষেও দুটি ম্যাচ খেলার পরিকল্পনা আছে। অর্থাৎ চীনে ক্যাম্প চলাকালে পুরুষ দল মোট পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে।

নারী দলও সেখানে ব্যস্ত সময় কাটাবে। তাদের জন্য চার থেকে পাঁচটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে হকি ফেডারেশন। ফলে এশিয়ান গেমসের আগে ম্যাচ অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে নারী দলও।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি-নাগোয়ায় বসবে এশিয়ান গেমসের ২০তম আসর। এবারের আসরে বাংলাদেশের পুরুষ ও নারী হকি, দুই দলই অংশ নিচ্ছে।