রাসেল মাহমুদ জিমি
রাসেল মাহমুদ জিমি

এশিয়ান গেমস হকির ২৪ জনের দলে জিমি

৪ জুলাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩২ জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছিল এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প। ৩০ জুলাই রাসেল মাহমুদ জিমিসহ আরও ছয়জনকে যোগ করা হয়। আজ সেই দল থেকে বেছে নেওয়া হয়েছে ২৪ জনকে। এ তালিকায় জায়গা পেয়েছেন ৩৯ বছর বয়সী জিমিও।

তবে এটাই চূড়ান্ত দল নয়। ফেডারেশন সূত্রে জানা গেছে, ১০ আগস্ট ২০ জনে নামিয়ে আনা দল ১২ আগস্ট জার্মানি যাবে প্রস্তুতি ক্যাম্পের জন্য। সেখানে প্রায় এক মাস ক্যাম্প করবে পিটার গেরহার্ডের দল। এই সময়ে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির দলের বিপক্ষে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৭ মাস আগে বয়সের অজুহাত দেখিয়ে তৎকালীন হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি জিমিকে জাতীয় দল থেকে বাদ দিয়েছিল। অথচ মাঠের পারফরম্যান্স বা ফিটনেস—কোনোটাতেই ঘাটতি ছিল না তাঁর। ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের হয়ে ভালো খেলেছিলেন তিনি।

জাতীয় দলের জার্সিতে জিমি

গত বছর এপ্রিলে ইন্দোনেশিয়ায় এশিয়ান হকি ফেডারেশন কাপের দল গড়তে ২০ ফেব্রুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে কুপার টেস্টের জন্য খেলোয়াড়দের ডেকেছিল ফেডারেশন। তখন জিমিকে দলে সুযোগ দেওয়া দূরের কথা, কুপার টেস্টের জন্যই ডাকা হয়নি।

১৮ জুলাই গঠিত হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন জিমিও। তারপরই সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ক্যাম্পে ডাক পান তিনি। ২০০৩ সালে ক্যারিয়ার শুরু করা এই ফরোয়ার্ড এ পর্যন্ত খেলেছেন ১৯৪টি আন্তর্জাতিক ম্যাচ। সর্বশেষ খেলেন ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে ওমানের বিপক্ষে।

২৪ জনের বাংলাদেশ হকি দল

‎বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, মেহরাব হাসান, রোমান সরকার, ফজলে হোসেন, আবেদ উদ্দিন, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, খালেদ মাহমুদ, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান।