
আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযানের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে তাল মেলাতে মার্কিন সেনাবাহিনী এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। সামরিক সরঞ্জাম সংগ্রহের দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়াকে সহজ করতে পেন্টাগন এখন ই–কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে হাত মিলিয়েছে। নতুন এই উদ্যোগের আওতায় মার্কিন সেনাবাহিনীর জন্য একটি অনলাইন মার্কেটপ্লেস তৈরি করছে অ্যামাজনের ক্লাউড ইউনিট—অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও আর্মি এন্টারপ্রাইজ ক্লাউড ম্যানেজমেন্ট এজেন্সি। এই ডিজিটাল প্ল্যাটফর্মটি মূলত সৈন্যদের হাতে দ্রুততম সময়ে সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নকশা করা হয়েছে।
ইউএএস মার্কেটপ্লেসটি মার্কিন সেনাদের বিভিন্ন ইউনিট, সরকারি অংশীদার ও মিত্রদেশগুলোকে একটি মাত্র পোর্টালের মাধ্যমে যাচাইকৃত ড্রোন সিস্টেম কেনার সুযোগ দেবে। অ্যামাজনের সাধারণ ওয়েবসাইটের মতোই এখানে বিভিন্ন ড্রোন ডিভাইসের তুলনা করা, সরাসরি অর্ডার দেওয়া ও ব্যবহারের পর ফিডব্যাক বা রেটিং দেওয়ার সুবিধা থাকবে। সেনাবাহিনী এই উদ্যোগকে প্রথাগত অস্ত্র সংগ্রহের সেকেলে পদ্ধতির চেয়ে একটি বড় বিবর্তন হিসেবে দেখছে। তাদের মতে, এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ ক্ষুদ্র ও মাঝারি প্রতিরক্ষা উদ্ভাবকদের জন্য সুযোগ তৈরি করবে, যা ড্রোনের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।
মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম সংগ্রহ–বিষয়ক প্রধান ব্রেন্ট ইনগ্রাম বলেন, ‘প্রতিরক্ষাশিল্পে প্রবেশের বাধা কমিয়ে ও বৃহত্তর উদ্ভাবকদের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা একটি আরও শক্তিশালী ও দ্রুত সাড়া দিতে সক্ষম প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলছি। আমাদের বাহিনীকে সুসজ্জিত করা ও শত্রুদের প্রতিহত করার জন্য এটি অপরিহার্য।’ অন্যদিকে সেনাবাহিনীর ইউএএস প্রকল্পের ব্যবস্থাপক কর্নেল ড্যানিয়েল মেদাগ্লিয়া বলেন, ‘প্রতিযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে আমরা নিশ্চিত করছি, সৈন্যরা তাঁদের মিশনের প্রয়োজনীয়তা মেটাতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারছেন। এই কৌশলের মূল লক্ষ্য হলো, সঠিক সক্ষমতা, সঠিক স্কেলে ও দ্রুতগতিতে পৌঁছে দেওয়া।’
সাধারণত একটি নতুন যুদ্ধ প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে আমলাতন্ত্রের বহু স্তর পার করতে হয়। এ ছাড়া মার্কিন কংগ্রেসের বাজেট বরাদ্দের ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাব থাকে। অ্যামাজন–চালিত এই নতুন মার্কেটপ্লেস মূলত এই পুরোনো আমলাতান্ত্রিক সমস্যা কাটিয়ে উঠে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পথ প্রশস্ত করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া