ভুয়া ই–মেইল পাঠিয়ে আইফোন ব্যবহারকারীদের তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা
ভুয়া ই–মেইল পাঠিয়ে আইফোন ব্যবহারকারীদের তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা

অ্যাপলের পরিচয়ে ভুয়া ই–মেইল পাঠিয়ে তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা

আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের একটি ই–মেইল প্রতারণা ছড়িয়ে পড়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, আইফোনে থাকা ব্যাংকিং ও পেমেন্ট–সংক্রান্ত সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে সাইবার অপরাধীরা ‘অ্যাপল পে’-এর নামে ভুয়া বার্তা পাঠাচ্ছে। প্রতারণামূলক এসব ই–মেইলে দাবি করা হচ্ছে, অ্যাপল স্টোরে বড় অঙ্কের একটি লেনদেন হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অ্যাকাউন্টের অপব্যবহার হতে পারে। ই–মেইলে দেওয়া নম্বরে ফোন করলে সাইবার অপরাধীরা নিজেদের অ্যাপল সাপোর্ট প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। এরপর তাঁরা অ্যাপল আইডি, ভেরিফিকেশন কোড বা ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করে আইফোনে থাকা ব্যাংকিং ও পেমেন্ট–সংক্রান্ত সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়।

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা জানিয়েছেন, আইফোন ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে ভুয়া ই–মেইলে সাধারণত একটি ফোন নম্বর দেওয়া থাকে। গ্রাহককে সেখানে যোগাযোগ করতে বলা হয়। কোথাও কোথাও সমস্যার সমাধানে অ্যাপল স্টোরে উপস্থিত হওয়ার কথাও উল্লেখ করা হয়। ভুয়া ই–মেইলগুলো বিশ্বাসযোগ্য করতে অনেক সময় বিভিন্ন কেস নম্বর, সময়, লেনদেনের বিবরণসহ নানা তথ্য যুক্ত করা থাকে। ফলে অনেকেই বিভ্রান্ত হন। তবে সতর্কভাবে দেখলে বোঝা যায়, ই–মেলটি অ্যাপলের অফিশিয়াল ডোমেইন থেকে পাঠানো হয়নি।

প্রতারণাটি নিয়ে অ্যাপলের অনলাইন ফোরামেও আলোচনা শুরু হয়েছে। একজন ব্যবহারকারী জানিয়েছেন, তিনি ২৮ জানুয়ারি সকালে এমন একটি ই–মেইল পেয়েছিলেন। তবে অ্যাপল ওয়ালেট পরীক্ষা করেও ই–মেইলে থাকা কথিত ৬২৩ ডলারের লেনদেনের কোনো প্রমাণ পাওয়া যায়নি ।

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের তথ্যমতে, অ্যাপল কখনোই ই–মেইলের মাধ্যমে প্রতারণা–সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করে না। আবার অযাচিত বার্তায় দেওয়া ফোন নম্বরে কল করে বিলিং সমস্যা সমাধানের নির্দেশও দেয় না। অ্যাপলের অফিশিয়াল সহায়তা সব সময় তাদের নিজস্ব ওয়েবসাইট ও যাচাইকৃত সহায়তা পেজের মাধ্যমেই পরিচালিত হয়। বড় অঙ্কের লেনদেনের সতর্কবার্তা ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। প্রতারকেরা সেই ভয়কেই কাজে লাগায়।
সূত্র: ডেইলি মেইল