
কবরের ওপর পড়ে আছে মাথার খুলি আর মাটির তলা থেকে বেরিয়ে আছে লাশের হাতের কিছু অংশ। উপড়ে পড়েছে সমাধিলিপিসহ পাকা কবরের বিভিন্ন অংশ! না, এটি কোনো লোমহর্ষক ভয়ের ছবির দৃশ্য নয়। টাইফুন হাইয়ানে আক্রান্ত পূর্ব ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চল হারনানির এক কবরস্থানের চিত্র।
টাইফুন হাইয়ান এতটাই ভয়াবহ ছিল যে ঝড় ও জলোচ্ছ্বাসের তোড়ে ইট-সুরকির পাকা কবরও ভেঙে গেছে। এতে অনেক মৃতদেহ বা দেহাবশেষ কবরের বাইরে বেরিয়ে আসে।
হারনানির অধিবাসীরা বলেন, ঝড়ের সময় কোথাও তাঁরা নিরাপদ ছিলেন না। ঝড়ে সাগরের উত্তাল ঢেউ তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানে। একটি স্কুলঘরও ওই আঘাতের শিকার হয়। সেখানে অনেক শিশু ও বৃদ্ধ আশ্রয় নিয়েছিলেন। টাইফুন হাইয়ানে হারনানির অন্তত ৭৫ জন মারা যান। ৪৫ জন এখনো নিখোঁজ।
বেঁচে যাওয়া স্থানীয় অধিবাসীদের কাছে টাইফুন হাইয়ান এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো। ঝড়ের শেষে ধ্বংসপ্রাপ্ত কবরস্থানের এই করুণ পরিণতি দেখে তাদের মনে দুঃখের চেয়ে ভয়ের অনুভূতিই হয়েছে বেশি।
হারনানিতে আসা কাছের ক্যাথলিক গির্জার স্বেচ্ছাসেবক ক্লারি গ্রেগওরিও বলেন, কবরস্থানে গিয়ে ভয়ে তাঁর চুল দাঁড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। দেখেন একটি পাকা কবরের বাইরে বের হয়ে আছে মৃতদেহের কিছু অবশিষ্টাংশ। আর কয়েকটি লাশ পড়ে আছে পাশের সড়কে।
স্থানীয় লোকজন কবর থেকে বেরিয়ে আসা মৃতদেহ বা দেহাবশেষগুলো আবার কবর দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
আবহাওয়াবিদেরা বলেছেন, টাইফুন হাইয়ান ফিলিপাইন তথা বিশ্বে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড়গুলোর একটি। এএফপি।