
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ধনী দেশগুলো কী পরিমাণ অর্থ সহায়তা দেবে, তা নিয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে কানাডার মন্ট্রিয়লে। গত ৭ সেপ্টেম্বর মন্ট্রিয়লে শুরু হয়েছে জাতিসংঘের জীববৈচিত্র্যবিষয়ক সম্মেলন (সিবিডি) বা কপ-১৫। শেষ হবে ১৯ ডিসেম্বর।
সম্মেলনে আলোচনার মূল বিষয়গুলোর অন্যতম ‘পিস প্যাক্ট উইথ নেচার’ নামের একটি চুক্তি। এই চুক্তির লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে চলতি দশকের শেষ নাগাদ বনজঙ্গল, পানি ও জীববৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। খসড়া চুক্তিতে ২২ থেকে ২৩টি লক্ষ্যের কথা উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র পাঁচটি লক্ষ্যের বিষয়ে একমত হয়েছে সিবিডির সদস্যদেশগুলো।
স্থানীয় সময় গতকাল বুধবার চীনের প্রতিনিধির সভাপতিত্বে দীর্ঘ আলোচনা হয়। তবে জীববৈচিত্র্য সুরক্ষায় সহায়তা তহবিলে (জিবিএফ) অর্থ বরাদ্দের বিষয়ে একমত হতে পারেনি দেশগুলো।
ব্রাজিলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত ও গরিব দেশগুলো ২০৩০ সাল পর্যন্ত বছরে ১০ হাজার কোটি ডলার সহায়তা দাবি করেছে, যা মোট বৈশ্বিক জিডিপির ১ শতাংশ। বর্তমানে ধনী দেশগুলো এ বাবদ বছরে মাত্র ১ হাজার কোটি ডলার সহায়তা দেয়।
তবে ধনী দেশগুলো এই প্রস্তাবে এখন পর্যন্ত রাজি হয়নি। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) উপদেষ্টা ফ্লোরিয়ার তিতজে আজ বৃহস্পতিবার জার্মানিতে এক সংবাদ সম্মেলনে বলেন, সহায়তার অর্থ বাড়ানোর বিষয়ে ধনী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ চ্যারিটেবল ট্রাস্টের পরিচালক মাশা কালিনিনা বলেন, ‘আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে। আশা করছি, আমরা ভালো কিছু পেতে পারি।’
অন্যদিকে পরিবেশবাদী সংগঠন ক্যাম্পেইন অব নেচারের পরিচালক ব্রায়ান ও’ডনিল বলেন, ‘এটা স্পষ্ট যে আপনি যদি সহায়তার অর্থের উৎস খুঁজতে চান, তবে পরিবেশদূষণের জন্য দায়ী কোম্পানিগুলোর ওপর বাড়তি করারোপ করতে হবে। বিশেষত জ্বালানি তেল, গ্যাস ও খনিজ সম্পদ উত্তোলনকারী কোম্পানিগুলোর ওপর।’
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির মুখপাত্র ডেভিড আইন্সওর্থ সাংবাদিকদের জানান, জিবিএফ এমন একটি তহবিল, যেটা ব্যবহার করে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র দেশগুলো নিজেদের সমুদ্র ও উপকূলীয় এলাকার সুরক্ষায় ব্যয় করতে পারবে। জীববৈচিত্র্যের সুরক্ষায় কর্মপরিকল্পনা প্রণয়ন করতে পারবে।
ডেভিড বলেন, ক্ষতিগ্রস্ত ও দরিদ্র দেশগুলোর পক্ষ থেকে সহায়তা তহবিলে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব উত্থাপনের পর আলোচনার পরিস্থিতি কিছুটা জটিল হয়ে যায়। আশা করছি, এবারের সম্মেলন শেষের আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।