গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে

একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ১৩ ডিসেম্বর, বুধবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া পাকিস্তান, জাপান, ইউক্রেন–সংক্রান্ত আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

মানবিক দিক বিবেচনায় ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। বাংলাদেশ সময় বুধবার ভোর চারটার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মৌরিতানিয়া ও মিসর এই প্রস্তাব তুলেছিল।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সুড়ঙ্গগুলোতে সাগরের পানি ঢালতে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কয়েক সপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের গাজায় ‘নির্বিচার’ বোমা হামলা চালানোর মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে। ওয়াশিংটনে গতকাল মঙ্গলবার আগামী নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের ব্যাপারে এটাই তাঁর সবচেয়ে কড়া প্রতিক্রিয়া।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

আল-আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজকে খালাস দেন। মামলাটি পুনর্বিচারের জন্য আবেদন জানিয়েছিল দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। তবে এনএবির এই আবেদন ইসলামাবাদ হাইকোর্ট নাকচ করেন।

অরুন্ধতী রায়

পুরোনো এক টুইট (বর্তমানে এক্স) ঘিরে বুকারজয়ী ঔপন্যাসিক ও ভারতের নাগরিক অধিকারকর্মী অরুন্ধতী রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছে। গত জুলাইয়ে করা ওই টুইটে ভারতকে ‘হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইজ’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে প্রায় ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। এ সংখ্যা রাশিয়ার ইউক্রেন যুদ্ধপূর্ব বাহিনীর প্রায় ৯০ শতাংশ। গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবন, ১৩ ডিসেম্বর, ২০২৩

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৫৩ জন আহত হয়েছেন। হামলায় কিছু বাড়িঘর ও একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ইউক্রেনের কর্মকর্তারা এমন দাবি করেছেন। এটি কিয়েভে চলতি সপ্তাহে রাশিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা।

জাপানের সাবেক সেনাসদস্য রিনা গোনোই। ১২ ডিসেম্বর, ফুকুশিমা ডিস্ট্রিক্ট আদালত প্রাঙ্গণে

নারী সহকর্মীকে যৌন নিপীড়নের ঘটনায় জাপানের সাবেক তিন সেনাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। জাপানের পুরুষতান্ত্রিক সমাজে নারীর যৌন নিপীড়ন নিয়ে এমন প্রকাশ্য আলোচনা একরকম নিষিদ্ধ। এ মামলা সেই রেওয়াজ ভেঙেছে বলে মনে করা হচ্ছে।