দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটোতে একটি পানশালায় গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গুলিতে আরও ৩ জন আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর আল–জাজিরা
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে একটি ট্যাক্সিতে চড়ে কয়েকজন অস্ত্রধারী ওই পানশালায় আসেন। এরপর পানশালায় অবস্থানকারীদের ওপর নির্বিচার গুলি চালান তাঁরা। আজ রোববার সকালে মরদেহগুলো সরিয়ে ফেলেছে পুলিশ। কী কারণে গুলি চালানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা ইলিয়াস মাওয়েলা বলেন, ‘রাতে গুলি চালানোর ঘটনার পর আমাদের কাছে সকালের দিকে খবর আসে। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা যখন পৌঁছাই, তখন ১২ জনের মরদেহ সেখানে পড়ে ছিল। আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে ২ জনের মৃত্যু হয়।’
এই পুলিশ কর্মকর্তার মতে, লাইসেন্স করা পানশালাটিতে এলোপাতাড়ি গুলিতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া কার্তুজের সংখ্যায় বোঝা যাচ্ছে, হামলায় কয়েকজন অংশ নিয়েছিলেন। তাঁরা পানশালার পৃষ্ঠপোষকদের লক্ষ্য করে গুলি করেছিলেন।