
ফিলিপাইনের অনুসন্ধানী সংবাদভিত্তিক ওয়েবসাইট র্যাপলার আবারও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়াদ শেষ হওয়ার আগে আগে এ ঘোষণা দেওয়া হলো। খবর বিবিসির।
ফিলিপাইনে রদ্রিগো দুতার্তে সরকারের সমালোচনাকারী হাতে গোনা কয়েকটি সংবাদমাধ্যমের একটি র্যাপলার। শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এটি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় আজ বুধবার র্যাপলার বলেছে, তারা এ আদেশের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানাবে।
এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, ‘এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ প্রক্রিয়ায় শুরু থেকেই অনেক অনিয়ম থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
প্রথম ২০১৮ সালে র্যাপলারের বিরুদ্ধে বন্ধের আদেশটি দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা। বলা হয়েছিল, কোম্পানিটি নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা একটি বিদেশি সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। এর মধ্য দিয়ে ফিলিপাইনের সংবাদমাধ্যমে বিদেশি মালিকানাসংক্রান্ত যে বিধিনিষেধ আছে, তার লঙ্ঘন হয়েছে।
তখন থেকেই এ আদেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে র্যাপলার। মঙ্গলবার সরকারি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক বিবৃতিতে বলা হয়, কোম্পানিটির লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্তটি বহাল থাকছে। কারণ, কমিশন ও আদালতের পর্যালোচনায় দেখা গেছে, র্যাপলারের তহবিল সংগ্রহের প্রক্রিয়াটি অসাংবিধানিক।
এক বিবৃতিতে র্যাপলার বলেছে, সর্বশেষ আদেশটি ‘নিশ্চিত বন্ধাদেশ’। তবে এর মধ্য দিয়ে অবিলম্বে সংবাদ প্রকাশ বন্ধ করতে হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মারিয়া রেসা বলেছেন, সাইটটি বন্ধ করা হবে না।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ঘোষিত মাদকবিরোধী যুদ্ধ নিয়ে তুমুল সমালোচনা করেছিল র্যাপলার। এ অভিযানে বিদ্বেষ, মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছে।
গত বছর এক রুশ সাংবাদিকের পাশাপাশি শান্তিতে নোবেল পুরস্কার পান রেসা। নিজ দেশে ক্ষমতার অপব্যবহার, সহিংসতার ব্যবহার ও ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিষয়গুলো প্রকাশ্যে নিয়ে আসায় প্রশংসিত হন তিনি।