এবার জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

শক্তির জানান দিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া
ফাইল ছবি: এএফপি

কয়েক সপ্তাহ ধরে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এর ধারাবাহিকতায় আজ সোমবার সকালে স্বল্পপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এই সামরিক মহড়া ঘিরে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে নিজের শক্তির জানান দিচ্ছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার হুয়াংঘায়ে প্রদেশ থেকে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়েছে। পরে ক্ষেপণাস্ত্র দুটি জাপান সাগরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।

জাপানের পক্ষ থেকেও পিয়ংইয়ংয়ের আজকের ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য জানানো হয়েছে। জাপানি কর্তৃপক্ষের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে ছোড়া স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দুটি জাপানের সমুদ্রসীমায় বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে পড়েছে।

১৩ মার্চ শুরু হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া। ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামে মহড়াটি শেষ হয় গত বৃহস্পতিবার। এই সামরিক মহড়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে উত্তর কোরিয়া। যৌথ মহড়া চলাকালে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এর মধ্যে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ও ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে।

গত সপ্তাহে উত্তর কোরিয়া পারমাণবিক হামলা চালাতে সক্ষম একটি ড্রোনের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার এই যান পানির নিচেও অনায়াসে চলতে পারে। ধ্বংস করতে পারে শত্রুপক্ষের নৌযান ও বন্দর।

গত বছর উত্তর কোরিয়া নিজেকে একটি ‘পারমাণবিক শক্তিধর দেশ’ হিসেবে ঘোষণা করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চলতি মাসে তাঁর দেশের সামরিক বাহিনীকে একটি  ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতির জন্য মহড়া জোরদারের নির্দেশ দেন।