
নরওয়ের রাজধানী অসলোর কেন্দ্রে বন্দুক হামলার ঘটনায় ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির
স্থানীয় সময় শনিবার সকালে অসলোয় বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে দুজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার সকালে একটি পানশালার কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর বিবিসেকে জানান, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে গত মে মাসেই সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু ওই সময় তাঁকে হুমকি বলে মনে করা হয়নি। তিনি বলেন, ‘আমাদের এখন তদন্তে কী বেরিয়ে আসে সেদিকে নজর দেওয়া দরকার।’
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী তাঁর ব্যাগ থেকে একটি বন্দুক বের করে গুলি চালাতে শুরু করেন। আতঙ্কিত লোকজনদের অনেকে তখন মাটিতে শুয়ে পড়েন। কেউ আবার দৌড়ে পালিয়ে রক্ষা পান। হামলার কয়েক মিনিটের মধ্যেই প্রত্যক্ষদর্শীদের সাহায্যে পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বন্দুক। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী নরওয়ের নাগরিক।