
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হয়েছেন হামজা ইউসেফ। গতকাল মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে আধা-স্বায়ত্তশাসিত সরকার প্রধানের পদটি নিশ্চিত করেছেন তিনি। গত মাসে পদত্যাগ করা নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হলেন হামজা।
তিন বিরোধী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁদের জয়ের কোনো সম্ভাবনা ছিল না। ১২৯ আসনের পার্লামেন্টে ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির ৬৪টি ও গ্রিনদের সাতটি ভোট পেয়ে বিজয়ী হন ৩৭ বছর বয়সী হামজা। দুই দলের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি আছে।
এসএনপি প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডগলাস রস নিজ দলের ৩১ সদস্যের সবার ভোট পান। এ ছাড়া লেবার পার্টির আনাস সরওয়ার দলের ২২ সদস্যের ভোট পেয়েছেন। আর চার লিবারেল ডেমোক্র্যাট ভোট দিয়েছেন অ্যালেক্স কোল-হ্যামিল্টনকে।
হামজা স্কটল্যান্ডের ষষ্ঠ ফার্স্ট মিনিস্টার। জাতিগত সংখ্যালঘুদের থেকে নির্বাচিত প্রথম ফার্স্ট মিনিস্টার তিনি। পাকিস্তানি বংশোদ্ভূত হামজা সবচেয়ে কম বয়সী ফার্স্ট মিনিস্টারও বটে। এ ছাড়া প্রথম মুসলিম হিসেবে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি।
ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হওয়ার পর হামজার সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছয় মাসেরও কম সময়ের মধ্যে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।
এর আগে দীর্ঘ পাঁচ সপ্তাহের নেতৃত্বের লড়াই শেষে সোমবার এসএনপি প্রধানের পদ নিশ্চিত করেন হামজা। নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবে এসএনপির নেতৃত্ব দেবেন ইউসেফ। আট বছর দল এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্ব দেওয়ার পর গত মাসে আকস্মিক পদত্যাগ করেন তিনি।