কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩

কিয়েভে ড্রোন হামলার পর একটি কারখানায় আগুন ধরে যায়। গত ২৮ মে তোলা
 ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে দুই শিশুসহ তিনজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, গত রাতে রুশ বাহিনী ইস্টার্ন দেসনিয়ানস্কি ও নিপ্রোভস্কি জেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় নিহত দুই শিশুর মধ্যে একজনের বয়স পাঁচ–ছয় বছর। অন্যজনের ১২–১৩ বছর। দুজনই দেসনিয়ানস্কির বাসিন্দা ছিল। প্রাথমিক তথ্যের ভিত্তিতে কিয়েভের সামরিক প্রশাসন এই তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে দেওয়া পোস্টে জানান, রুশ হামলায় কিয়েভে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৩ জন নিহত হওয়ার পাশাপাশি ১৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি সপ্তাহে এটা নিয়ে চারবার কিয়েভে হামলা চালাল রাশিয়া। আর মে মাসে ইউক্রেনের রাজধানীতে রুশ বাহিনী মোট ১৭টি হামলা চালিয়েছে। বেশির ভাগ হামলার ঘটনা ঘটেছে রাতে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় শুধু কিয়েভ নয়, পুরো ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এসব হামলায় ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের অনেকের মতে, এসব হামলার মধ্য দিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিতে চাইছে মস্কো।

অন্যদিকে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেনের বাহিনী।