সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাসোগি
সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাসোগি

সাংবাদিক জামাল খাসোগি হত্যার তদন্ত শুরু করতে ফ্রান্সে বিচারক নিয়োগ

সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনা তদন্তের জন্য ফ্রান্সে একজন বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলির কার্যালয় (পিএনএটি) এ তথ্য জানিয়েছে। আদালত মামলাটি আমলে নেওয়ার পর এই সিদ্ধান্ত এল।

পিএনএটি জানিয়েছে, নির্যাতন ও গুমের অভিযোগের বিষয়ে এই তদন্ত চালানো হবে। ১১ মে প্যারিসের আপিল আদালতের আদেশ মেনে এ তদন্ত করা হচ্ছে। মানবাধিকার সংস্থা ট্রায়াল ইন্টারন্যাশনাল ও রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) দায়ের করা অভিযোগ আমলে নিয়ে আদালত এই আদেশ দিয়েছিলেন।

পিএনএটি আরও জানায়, খাসোগির কর্মস্থল ‘ডন’–এর করা একটি পৃথক অভিযোগ আদালত খারিজ করে দিয়েছেন।

২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সদস্যরা জামাল খাসোগিকে হত্যা করেন। পরে তাঁর লাশ টুকরা করা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থার ধারণা, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাঁকে হত্যা করা হয়েছিল।

যুবরাজ এই হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেছেন যে ঘটনার বিষয়ে তিনি জানতেন।

এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত খুব কমই বিচারিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফরাসি বিচারকের এই তদন্তের উদ্যোগে বিষয়টি নতুন আইনি মোড় নিল।

২০২২ সালে তুরস্কের একটি আদালত ২৬ জন সৌদি সন্দেহভাজনের বিচারকাজ স্থগিত করেন। পরে মামলাটি সৌদি আরবে স্থানান্তর করা হয়। তুরস্কের আদালতের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

যুক্তরাষ্ট্রেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী হওয়ার পর বাইডেন প্রশাসন তাঁকে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেয়। এর ফলে খাসোগির বাগ্‌দত্তার করা একটি দেওয়ানি মামলা খারিজ করে দেন দেশটির একটি ফেডারেল আদালত।

ফরাসি আইন অনুযায়ী, বিদেশে সংঘটিত গুরুতর অপরাধের বিষয়ে বিচারকেরা তদন্ত শুরু করতে পারেন। তবে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে সাধারণত তাঁকে ফরাসি ভূখণ্ডে উপস্থিত থাকতে হয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও সৌদি সরকারের গণমাধ্যমবিষয়ক কার্যালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের আইনজীবী এমানুয়েল দাউদ বলেন, ‘জামাল খাসোগিকে যেভাবে হত্যা করা হয়েছে, তা জঘন্যতম একটি অপরাধ। সৌদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই হত্যাকাণ্ড পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে। খাসোগি ভিন্নমতাবলম্বী ও স্বাধীন মতের মানুষ ছিলেন বলেই তাঁকে হত্যা করা হয়েছে।’

ট্রায়াল ইন্টারন্যাশনালের আইনজীবী অঁরি তুলিয়ে বলেন, ‘জামাল খাসোগির ওপর সংঘটিত এই নৃশংস অপরাধের বিচারিক তদন্ত শুরু করতে আর কোনো বাধা থাকা উচিত নয়।’