ম্যাট্রিক পদ্ধতি চালু, জ্যাকি চ্যানের জন্ম

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৭ এপ্রিল। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ফ্রান্সে প্রথম ম্যাট্রিক পদ্ধতি চালু

কোনো কিছু পরিমাপের জন্য ম্যাট্রিক পদ্ধতির ব্যবহার বিশ্বজুড়েই। প্রথমবার এই পরিমাপ–পদ্ধতির আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয় ফ্রান্সে, ১৭৯৫ সালের এই দিনে। এ পদ্ধতির একক মিটার, কিলোগ্রাম, সেকেন্ড (এমকেএস)।

জ্যাকি চ্যান। তাঁর হাত ধরেই হলিউডের সিনেমায় কুংফুর যাত্রা শুরু হয়

জ্যাকি চ্যানের জন্ম

হলিউডের জনপ্রিয় তারকা জ্যাকি চ্যান। চীনা বংশোদ্ভূত এই অভিনেতার জন্ম হংকংয়ে, ১৯৫৪ সালের এই দিনে। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। অভিনেতা হিসেবে হলিউডে কাজ শুরু করেন তিনি। অভিনয়ে কুংফু, মার্শাল আর্ট আর কঠিন সব শারীরিক কসরত দেখানোর জন্য জ্যাকির খ্যাতি বিশ্বজুড়ে। তাঁর হাত ধরেই হলিউডের সিনেমায় কুংফুর যাত্রা শুরু হয়।

রেফ্রিজারেটরের স্বত্ব নেওয়া হয়

রেফ্রিজারেটর বা ফ্রিজ নামের যন্ত্রটি এখন কৃত্রিমভাবে খাবার ও পানি ঠান্ডা রাখা ও সংরক্ষণের সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর উপায়। বাসা, অফিস, দোকান বা রেস্তোঁরায় খাবার ভালো রাখতে ফ্রিজ ব্যবহার করা হয়। এমনকি শিল্পকারখানায়ও নানা কাজে যন্ত্রটি ব্যবহার হয়ে থাকে। ১৯১৩ সালের এই দিনে প্রথমবার ফ্রিজের স্বত্ব (পেটেন্ট) নেন মার্কিন বিজ্ঞানী ফ্রেড ডব্লিউ উলফ। তাঁর উদ্ভাবিত ফ্রিজটি ছিল ছোট, সরল আর তুলনামূলক কম দামের। পরে সেটির উন্নয়ন ঘটিয়ে বানানো হয় আধুনিক ফ্রিজ।

জার্মানির সংগীত পরিচালক বিটোফেনের সিম্ফনির কল্যাণে রোমান্টিক সংগীতে নতুন যুগের সূচনা হয়

বিটোফেনের সিম্ফনি পরিবেশন

জার্মানির সংগীত পরিচালক বিটোফেনের জনপ্রিয়তা ইউরোপ ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ১৮০৫ সালের এই দিনে তিনি প্রথমবারের মতো তাঁর ৩ নম্বর সিম্ফনি জনসমক্ষে পরিবেশন করেন। অস্ট্রিয়ার ভিয়েনায় এই আয়োজন করা হয়েছিল। বিটোফেনের এসব সিম্ফনির কল্যাণে রোমান্টিক সংগীতে নতুন এক যুগের সূচনা হয়।