তীরে এসেও তরি না ভেড়ার মতো হয়ে রইল বিহারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। শেষ বেলায় বেঁকে বসেন সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। বেসুর রামবিলাস পাসোয়ানের দলেও। ফলে আসন ভাগাভাগি নিয়ে এনডিএর জোটজট কেটেও কাটতে চাইছে না।
গতকাল রোববার দিনভর এ জট কাটানোর চেষ্টা চলে। শরিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় বিজেপি সভাপতি অমিত শাহ, নির্বাচন ইনচার্জ অনন্ত কুমার ও বিহারের ভারপ্রাপ্ত নেতা ভুপেন্দ্র যাদবের। বিজেপি সূত্রে বলা হচ্ছিল, সবাইকে খুশি করে রোববারের মধ্যেই আসন সমঝোতা ঘোষণার চেষ্টা হচ্ছে।
এ অবস্থায় নতুন এক সমস্যার সৃষ্টি হয়। জেহানাবাদ জেলায় জিতনরামের ছেলে প্রবীণকে রাজ্য পুলিশ আটক করে। অভিযোগ, প্রবীণের গাড়িতে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা পাওয়া গেছে। নির্বাচন ঘোষণার পর গাড়িতে এত টাকা কেন সেই প্রশ্ন তুলেছে পুলিশ। তাদের কাছে এটা নির্বাচনী বিধিভঙ্গ।
শনিবার সারা দিন ধরে দফায় দফায় বৈঠকের পর বিজেপি নেতা অনন্ত কুমার জানিয়েছিলেন, কোন দল কত আসনে লড়াই করবে, তা সন্ধ্যায় ঘোষিত হবে। কিন্তু তার আগেই প্রথমে জিতনরাম মাঝি ও পরে রামবিলাস পাসোয়ানের দলের সাংসদ রামকিশোর সিং জানান, আসন ভাগাভাগি নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। রামকিশোরের দাবি, রামবিলাস শুধু নিজের পরিবার নিয়েই ভাবেন। দল নয়।
অথচ ঠিক হয়েছিল, ২৪৩টি আসনের বিধানসভায় বিজেপি লড়বে ১৬২ আসনে। তার তিন সহযোগী রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি লড়বে ৪১, উপেন্দ্র কুশাওয়ার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি ২৫ ও সাবেক মুখ্যমন্ত্রী জিতনরামের নতুন দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা লড়বে ১৫টি আসনে। জিতনরাম মাঝির সঙ্গে যে পাঁচ মন্ত্রী দল ছেড়ে বিজেপির জোটে এসেছিলেন, সেই পাঁচ সাবেক মন্ত্রীও টিকিট পাবেন, তবে তাঁরা বিজেপির প্রতীকে ভোটে লড়বেন।
লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল, নীতিশ কুমার ও শারদ যাদবের জনতা দল (সংযুক্ত) ও কংগ্রেস আগেই আসন ভাগাভাগি করে নিয়েছে। লালু ও নীতিশরা ১০০টি করে ও কংগ্রেস ৪০টি আসন নিয়ে তিনটি আসন ছেড়ে রেখেছিল শারদ পাওয়ারের এনসিপির জন্য। লালু তাঁর ভাগের থেকে চারটি আসন দিতে চেয়েছিলেন মুলায়ম সিং যাদবের দল সমাজবাদী পার্টিকে। কিন্তু মুলায়ম ও শারদ পাওয়ার আলাদা লড়বেন ঠিক করেছেন। ছয় বামপন্থী দলও আলাদা জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিহারের ভোট নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তবে রাজ্যে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা বিজেপির নেতৃত্বাধীন এনডিএর পক্ষে সহায়ক হবে বলে এ মুহূর্তে বিভিন্ন জরিপের অভিমত।