প্রথম দফার প্রচারের শেষ দিনে সুকনায় আয়োজিত জনসভায় বক্তব্য দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কার্শিয়াং, পশ্চিমবঙ্গ। ২১ এপ্রিল ২০২৬
প্রথম দফার প্রচারের শেষ দিনে সুকনায় আয়োজিত জনসভায় বক্তব্য দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কার্শিয়াং, পশ্চিমবঙ্গ। ২১ এপ্রিল ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

হুমায়ুনের বাবরি মসজিদ বানানোর অনুমতি দেওয়া হবে না: অমিত শাহ

পশ্চিমবঙ্গে আম জনতা পার্টির নেতা হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ বানানোর অনুমতি দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচারের শেষ দিনে আজ মঙ্গলবার রাজ্যে এসে তিনি এ কথা বলেন। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই দফার ভোট গ্রহণ করা হবে।

প্রচারের শেষ দিনে নির্বাচনী হাওয়া জোরদার করতে আজ সকালে পশ্চিমবঙ্গের কার্শিয়াংয়ের সুকনায় জনসভা করেন অমিত শাহ। এরপর বর্ধমানের কুলটি এবং মেদিনীপুরের শালবনীতেও আরও দুটি জনসভা করেন তিনি।

এসব জনসভায় অমিত শাহ বলেন, বাংলার দুর্নীতিবাজ তৃণমূল সরকারের সময় ফুরিয়ে এসেছে। এবার তাদের বিদায় নিতে হবে। দুর্নীতিবাজ তৃণমূল সরকারকে গদিতে আর না রাখার সিদ্ধান্ত রাজ্যবাসী ইতিমধ্যে নিয়ে ফেলেছে।

অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিংয়ে গোর্খাদের সমস্যার সমাধান করা হবে। যেসব গোর্খার নাম ভোটার তালিকায় ওঠেনি, নির্বাচনের পর তাঁদের সবার নাম তোলা হবে। তৃণমূল সরকার গোর্খাদের সঙ্গে যে অন্যায় ও অবিচার করেছে, তা সংশোধন করে তাঁদের দাবি মেটানো হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৩ তারিখে তৃণমূলের কোনো গুন্ডা যেন ঘর থেকে বের না হয় এবং কোনো হাঙ্গামা না করে। করলেই তাদের কারাগারে ঢোকানো হবে। ৪ তারিখের পর অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাড়িয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে প্রথম দফার প্রচারের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়া, ব্যারাকপুর, জগদ্দল ও জোড়াসাঁকোয় জনসভা করেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খড়গপুরে রোড শো করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তর ২৪ পরগনার জগদ্দলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি বলছে ঝুট, করছে লুট।’ বাংলার জন্য তারা এক পয়সাও দেয় না উল্লেখ করে তিনি বলেন, বিজেপি নারীদের ওপর অন্যায়-অত্যাচার করে। বিজেপির দুই কোটি চাকরি আর ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল? মমতা বলেন, আজ বিজেপিশাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ। তারা বাংলায় এসব খাওয়া বন্ধ করে দিলে মানুষ খাবে কী?

মমতা বলেন, ভোটের সময় ওরা এসে চমকায়, ভোট শেষ হলে পালিয়ে যায়। তাঁর কাছে কোনো ভেদাভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সবাই এক। একসঙ্গে আছি, একসঙ্গে থাকি এবং একসঙ্গে থাকব। বিজেপিমুক্ত বাংলা গড়ব।’

প্রচারের শেষ দিনে ভগবানপুরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, তমলুকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, চিনারপার্কে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, আসানসোলে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা পাত্র, বহরমপুরে কংগ্রেস নেতা শচীন পাইলট, নওদায় আম জনতা পার্টির নেতা হুমায়ুন কবীর এবং দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের আরাবুল ইসলাম প্রমুখ জনসভা ও রোড শোতে অংশ নেন।

পর্যটনকেন্দ্রে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দীঘা, মন্দারমণি, তাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এলাকার বাইরের মানুষদের সেখানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নির্বাচনকালীন এসব এলাকার হোটেলে যাতে বাইরের জেলার কেউ উঠতে না পারেন, সেদিকে নজর রাখতে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা। দীঘা এই পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত।