মোদির ‘মন কি বাত’–এ নেই মণিপুর, সোচ্চার বিরোধীরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফাইল ছবি: রয়টার্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাসের শেষ রোববার তাঁর চিন্তাভাবনার কথা মানুষের কাছে তুলে ধরেন। রেডিওতে ‘মন কি বাত’ বা ‘মনের কথা’ অনুষ্ঠানে প্রচার করা হয় এসব কথা। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের কারণে এবারের মনের কথা নির্ধারিত সময়ের আগেই তুলে ধরেছেন মোদি। তবে মণিপুর রাজ্যে চলমান সহিংসতা নিয়ে সেখানে কিছুই বলেননি।

মণিপুরে সহিংসতা শুরু হয়েছে গত ৩ মে। এরপর ৪৫ দিন কেটে গেছে। এত দিন বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি মোদি। ফলে অনেকের ধারণা ছিল, যুক্তরাষ্ট্রের উদ্দেশে ভারত ছাড়ার আগে আজ রোববার ‘মন কি বাত’–এ মণিপুর প্রসঙ্গ পাড়বেন তিনি। তবে এবারও তিনি মৌন থাকায় স্বাভাবিকভাবেই সমালোচনায় মেতেছেন বিরোধী দলগুলোর অনেক নেতা।

সমালোচনাকারীদের একজন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্র। টুইটারে তিনি লিখেছেন, ‘যথেষ্ট মন কি বাত হয়েছে। এখন “মণিপুর কি বাত” করার সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি।’

এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সামাজিক যোগযোগমাধ্যমে লিখেছেন, ‘মণিপুর নিয়ে মৌন থেকে আরও একটি মন কি বাত হলো। বিপর্যয় মোকাবিলায় ভারতের দুর্দান্ত ক্ষমতার জন্য প্রধানমন্ত্রী নিজেই নিজের পিঠ চাপড়েছেন। মণিপুরে সম্পূর্ণ মানবসৃষ্ট বিপর্যয়ের বিষয়ে এখন কীই–বা বলার আছে। এখনো তাঁর (প্রধানমন্ত্রীর) কাছ থেকে শান্তির আবেদন নেই।’

মোদি এবারের মন কি বাতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভারতের ক্রমবর্ধমান সক্ষমতার কথা তুলে ধরেছেন। গুজরাট রাজ্যে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবিলায় সাধারণ মানুষ যে তৎপরতা দেখিয়েছেন, তার প্রশংসা করেছেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত লোকজন দ্রুত আগের অবস্থায় ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদি।

১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ২৫ জুন ওই জরুরি অবস্থা জারির ৪৮ বছর পূর্ণ হবে। আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠানে সে সময়ের রাজনৈতিক সংকটের কথাও মনে করিয়ে দেন মোদি।

এদিকে গত কয়েক দিনে মণিপুরে সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ মানুষ। সপ্তাহখানেকের মধ্যে সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।