
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর সহযোগী ও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মডেল–অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার শুনানি চলাকালে আদালতে কেঁদে ফেলেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা পার্থ।
পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষা, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন আছেন কলকাতার প্রেসিডেন্সি কারাগারে। আর অর্পিতা মুখোপাধ্যায়কে রাখা হয়েছে আলিপুর কেন্দ্রীয় কারাগারে। দুটি কারাগারই কাছাকাছি। বুধবার দুজনের দুর্নীতির মামলার শুনানির দিন ধার্য ছিল। এজন্য তাঁদের ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়।
এ সময় পার্থ–অর্পিতার আইনজীবীরা পৃথকভাবে জামিন আবেদন আদালতে উত্থাপন করেন। তবে কেন্দ্রীয় সংস্থা ইডির আইনজীবী পার্থর জামিনের বিরোধিতা করে বলেন, এই মামলায় ১০০ কোটি রুপির দুর্নীতি হয়েছে। পার্থ প্রভাবশালী ব্যক্তি, সাবেক মন্ত্রী ও নেতা। জামিন পেলে সাক্ষীদের তিনি প্রভাবিত করতে পারেন। তাই ইডি চাননা পার্থর জামিন হোক। পরে আদালত পার্থ ও অর্পিতার জামিন আবেদন খারিজ করে দেন।
এর আগে শুনানি চলাকালে আদালতে কেঁদে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়। এ সময় আদালতকে তিনি বলেন, ‘আমি একজন পাবলিক সারভেন্ট। আমার বাড়িতে তল্লাশি চালিয়েও ইডি কিছু পায়নি। আমাকে জামিন দিন, আমাকে বাঁচতে দিন। আমি জামিনের সব শর্ত মেনে নেব।’
গত জুলাইয়ে গ্রেপ্তার হন পার্থ–অর্পিতা। পার্থর বিরুদ্ধে স্কুল শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্যদিকে অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার বাড়ি থেকে প্রায় ৫০ কোটি রুপি নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করে ইডি। যদিও এসব অর্থ নিজের নয় বলে দাবি করেছিলেন অর্পিতা। তিনি জানিয়েছেন, এসব অর্থ পার্থ চট্টোপাধ্যায়ের। ইডিও বলেছে, এসব অর্থ পার্থের বলে তারা মনে করছে।