
ভারতের দিল্লি পৌরসভার ছয়টি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদের নির্বাচন ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৌরসভায় আম আদমি পার্টি (আপ) ও বিজেপির কাউন্সিলরদের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি-হাতাহাতি হয়। তাঁরা একে অপরকে লক্ষ্য করে দেদার পানির বোতল ছোড়েন। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পৌরসভার মেয়র ও ডেপুটি মেয়র পদের ভোট সম্পন্ন হওয়ার পরই এই ঘটনা ঘটল।
গতকাল পৌরসভায় দুই পক্ষের ধাক্কাধাক্কি-হাতাহাতির মধ্যে মেয়র পদে পরাজিত বিজেপির প্রার্থী রেখা গুপ্তকে মাইক ভেঙে দিয়ে টেবিল উল্টে দিতে দেখা যায়। সংবাদমাধ্যমের ধারণ করা এই ভিডিও ভাইরাল হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে শেষ পর্যন্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করে দেওয়া হয়।
গত ডিসেম্বরে দিল্লি পৌরসভার ভোট হয়। ২৫০ আসনের মধ্যে আপ পায় ১৩৪টি, বিজেপি ১০৪টি, কংগ্রেস ৯টি। ৩টি আসনে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা।
মেয়র-ডেপুটি মেয়র নির্বাচনে ১০ জন মনোনীত সদস্যকে (অল্ডারম্যান) ভোটদানের অধিকারী করেন কেন্দ্রীয় সরকার নিযুক্ত দিল্লির উপরাজ্যপাল। এ নিয়ে তীব্র বাদানুবাদে তিনবার মেয়র-ডেপুটি মেয়র নির্বাচন ভন্ডুল হয়ে যায়।
উপরাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট অল্ডারম্যানদের ভোটদানের অধিকার নেই রায় দেন।
সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে দিল্লি পৌরসভা নির্বাচনের দীর্ঘ ৮২ দিন পর গতকাল মেয়র ও ডেপুটি মেয়র পদে নির্বাচন হয়। দুটি পদেই বিজেপিকে হারিয়ে জয়ী হন আপ প্রার্থীরা। মেয়র হন শেলি ওবেরয়, ডেপুটি মেয়র আলে মহম্মদ ইকবাল।
তারপরই শুরু হয় গোলমাল। ছয়টি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদের নির্বাচনে ৪২ জন কাউন্সিলর ভোট দেওয়ার পর আপের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি।
বিজেপির অভিযোগ, গোপন ব্যালটে ভোটের নিয়ম মানছে না আপ। ছাপ মারা ব্যালট পেপারের ছবি তুলে কাউন্সিলররা দলকে পাঠাচ্ছেন।
বিজেপির অভিযোগ অস্বীকার করে আপ। তারা বলে, মেয়র ও ডেপুটি মেয়র পদে হেরে বিজেপি স্থায়ী কমিটির নির্বাচনে বাধা দিতে চাইছে।
বিজেপি নতুন করে স্থায়ী কমিটির ভোট গ্রহণের দাবিতে সরব হয়। এই দাবির বিরোধিতা করে আপ। বাদানুবাদ, বিক্ষোভ, প্রতিরোধ শেষ পর্যন্ত ধাক্কাধাক্কি-হাতাহাতিতে গড়ায়। ফলে গভীর রাতে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়।
সংখ্যার হিসাবে মোট ছয়টি স্থায়ী কমিটির মধ্যে তিনটির চেয়ারম্যান পদ আপের জেতার কথা, দুটি বিজেপির। ষষ্ঠ পদটি জিততে আপ বাড়তি এক প্রার্থী দেয়। এ থেকেই ‘ক্রস ভোটিংয়ের’ সন্দেহ বাড়ে।
দিল্লি পৌরসভায় স্থায়ী কমিটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই কমিটি বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়ন নিয়ে সুপারিশ করে। কমিটি তাদের সুপারিশ সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছেও পাঠাতে পারে। তাই কমিটির রাজনৈতিক গুরুত্ব ব্যাপক। বিজেপি এই গুরুত্ব হারাতে চায় না। তারা কমিটির চেয়ারম্যানের ষষ্ঠ পদটি আপকে না দিতে সচেষ্ট।