ইতিহাসের এই দিনে

টরন্টোয় সবচেয়ে উঁচু টাওয়ার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৬ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

কানাডার টরন্টোর সিএন টাওয়ারের উচ্চতা ৫৫৩ মিটার। ২০০৭ সাল পর্যন্ত এটাই ছিল বিশ্বের সবচেয় উঁচু টাওয়ার
ফাইল ছবি: রয়টার্স

কানাডার টরন্টো শহরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সিএন টাওয়ার। এর উচ্চতা ৫৫৩ মিটার বা প্রায় ১ হাজার ৮১৫ ফুট। ১৯৭৬ সালের এই দিনে টাওয়ারটির দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ২০০৭ সাল পর্যন্ত এটাই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা।

রৌদ্রোজ্জ্বল দিনে এই টাওয়ার থেকে ১৬০ কিলোমিটার দূর পর্যন্ত দেখা সম্ভব। সিএন টাওয়ার থেকে নায়াগ্রা জলপ্রপাত পর্যন্ত দেখা যায়। দেখা যায় নিউইয়র্ক শহরও।

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের লেখা হ্যারি পটার সিরিজের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’

হ্যারি পটার সিরিজের প্রথম বই

বিশ্বজুড়ে আলোচিত হ্যারি পটার সিরিজের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’। ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের লেখা এই বই প্রথম প্রকাশিত হয় যুক্তরাজ্য, ১৯৯৭ সালের ২৬ জুন। অল্প দিনের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায় এই বই। ফলে একে একে প্রকাশিত হয় হ্যারি পটার সিরিজের পরের বইগুলো।

এমনকি এ সিরিজের গল্প নিয়ে নির্মিত হয় চলচ্চিত্রও। হ্যারি পটারের চলচ্চিত্রও তুমুল জনপ্রিয় হয়েছিল।

টুথব্রাশ উদ্ভাবন

মানুষের নিত্যদিনের জীবনে টুথব্রাশ খুবই প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু কখনো মনে হয়েছে কি, এই জিনিসের ব্যবহার কবে থেকে শুরু হয়েছে? কোথায় হয়েছে এর উদ্ভাবন? সময়টা ১৪৯৮ সাল। চীনে উদ্ভাবন হয় টুথব্রাশের। ওই সময় বাঁশের তৈরি কাঠির মাথায় বুনো পশুর চুল যুক্ত করে টুথব্রাশ বানানো হয়েছিল। পরে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক রূপ পেয়েছে টুথব্রাশ।

প্রথম বারকোডের ব্যবহার

পণ্যের মোড়কে বারকোডের ব্যবহার এখন অহরহ দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের ওহাইওর ট্রয় এলাকায় মার্শ সুপারমার্কেটে প্রথম বারকোড ব্যবহার করা হয় ১৯৭৪ সালের ২৬ জুন। চুইংগামের একটি প্যাকেটে বারকোড বসানো ছিল। ওই সুপারমার্কেটের বিক্রেতা শ্যারন বুচানান বারকোডটি স্ক্যান করে চুইংগাম বিক্রি করেন।

বার্লিনে মিত্রবাহিনীর রসদ সরবরাহ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুই ভাগে বিভক্ত। পূর্ব জার্মানির সমাজতন্ত্রে বিশ্বাসী মানুষেরা সোভিয়েতপন্থী। পশ্চিম জার্মানি পুঁজিবাদী যুক্তরাষ্ট্রপন্থী। বার্লিন শহরের মাঝবরাবর প্রাচীর তুলে দুই জার্মানিকে পৃথক করা হয়েছে। তখন সোভিয়েত বাহিনী পশ্চিম বার্লিনে প্রবেশের সব পথ অবরুদ্ধ করে রেখেছে। ১৯৪৮ সালের এই দিন পশ্চিম বার্লিনের মানুষের জন্য উড়োজাহাজ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে মিত্রশক্তি।

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে

আরিয়ানা গ্রান্ডের জন্মদিন আজ

আরিয়ানা গ্রান্ডে—জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী। ‘ভিক্টোরিয়াস’ নামে টিভি সিরিজ তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। পরে সংগীতশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। আজ আরিয়ানার জন্মদিন। ১৯৯৩ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রে এই তারকার জন্ম।