গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একাধিক বিদেশি কূটনীতিক গ্রেপ্তার

ইরানে ঠিক কতজন বিদেশি কূটনীতিককে গ্রেপ্তার করা হয়েছে, তা স্পষ্ট নয়
ছবি: রয়টার্স

ইরানের রেভল্যুশনারি গার্ডস এক ব্রিটিশসহ বেশ কয়েকজন বিদেশি কূটনীতিককে গ্রেপ্তার করেছে। খবর এএফপির।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল বুধবার জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, গুপ্তচরবৃত্তি করায় বিদেশি দূতাবাসের কূটনীতিকদের চিহ্নিত করে গ্রেপ্তার করেছে রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা শাখা। একই ঘটনার জেরে একজন ব্রিটিশ কূটনীতিককে ইরান থেকে বহিষ্কার করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, জাইলস হুইটেকার নামের ব্রিটিশ কূটনীতিককে ইরানের কেন্দ্রস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বহিষ্কার করা হয়।

ইরানে ঠিক কতজন বিদেশি কূটনীতিককে গ্রেপ্তার করা হয়েছে, কবে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের জাতীয়তা কী প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাত্ক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

ব্রিটিশ কূটনীতিক হুইটেকারের বিরুদ্ধে ইরানে গোয়েন্দা অভিযান পরিচালনার অভিযোগ আনা হয় রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে।

হুইটেকার ২০১৮ সাল থেকে ইরানের রাজধানী তেহরানে ব্রিটিশ মিশনের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।