শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি
শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি

ইরানের কারাগারে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি

ইরানে কারাগারে থাকা শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ী এই মানবাধিকারকর্মীর ফাউন্ডেশন গতকাল শুক্রবার জানায়, কারাগারে নার্গিস মোহাম্মদি দুবার জ্ঞান হারান। তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হয়।

নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশন জানায়, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজানে কারাগারে ছিলেন নার্গিস। সেখানেই দুবার জ্ঞান হারান তিনি।

এই নোবেলজয়ীর আইনজীবীদের মতে, নার্গিস মোহাম্মদি গত মার্চের শেষের দিকে হৃদরোগ আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর কদিন পর আইনজীবীরা তাঁর সঙ্গে দেখা করেন। তখন নার্গিসকে বেশ ফ্যাকাশে ও শীর্ণ দেখাচ্ছিল। একজন নার্সের সহায়তা নিয়ে হাঁটছিলেন তিনি।

নার্গিসের বয়স ৫৩ বছর। সর্বশেষ দফায় গত ১২ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন। তখন ইরানের পূর্বাঞ্চলের মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নিয়েছিলেন নার্গিস। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এরপর গত ফেব্রুয়ারিতে কারাবন্দী নার্গিসকে সাত বছরের বেশি সময়ের কারাদণ্ড দেওয়া হয়। নার্গিসের আইনজীবী জানিয়েছেন, অপরাধ করার উদ্দেশ্যে সমবেত হওয়া এবং এতে যোগসাজশের অভিযোগে এই মানবাধিকারকর্মীকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ গ্রেপ্তার হওয়ার আগে নার্গিস ‘রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণামূলক কার্যকলাপ’ ও ‘রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে যোগসাজশের’ অভিযোগে করা মামলায় ১৩ বছর ৯ মাসের সাজা ভোগ করছিলেন। কিন্তু অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিকে তাঁকে তেহরানের এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়।