যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সফাইল
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সফাইল

ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে, বল এখন তাদের কোর্টে: ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে পরবর্তী পদক্ষেপ এখন তেহরানের ওপর নির্ভর করছে।

গতকাল সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এ কথা বলেন।

আরও আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, এখন ‘বল ইরানের কোর্টে’। অর্থাৎ আলোচনার অগ্রগতি অনেকটাই নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর।

ব্রেট বেয়ারকে দেওয়া ওই সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে, ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে অগ্রগতি দেখাবে। তবে, তেহরান এ বিষয়ে এগিয়ে না এলে আলোচনার ধরন বদলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হয়েছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। ফলে পুরো অঞ্চলে যুদ্ধ শুরু হয়। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্থিরতা দেখা দিয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

এমন উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনের উদ্যোগ হিসেবে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়। দুই পক্ষের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগের পর ইসলামাবাদে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠকের আয়োজন করা হয়। তবে ওই বৈঠক শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি।

সংঘাত নিরসনে অনিশ্চয়তার মধ্যেই নতুন করে ইরানের সঙ্গে আলোচনার এ বার্তা দিলেন ভ্যান্স। তবে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে ইরানের বর্তমান সরকার ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ করছে। সেই সঙ্গে তিনি ইরানের প্রতি ‘নমনীয় হওয়ার’ আহ্বান জানিয়েছেন।

জেডি ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন, এ খেলায় দুপক্ষই অংশ নিতে পারে। যদি ইরানিরা অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকে, তবে যুক্তরাষ্ট্রও এ নীতি মেনে চলবে যে, কোনো ইরানি জাহাজ দেশ ছাড়তে পারবে না।’