একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার। আজ বিশ্বে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, গাজায় যুদ্ধ পরিস্থিতিতে হাসপাতালগুলোর করুণ অবস্থা, মার্কিন মহাকাশ যানের চাঁদে অবতরণসহ বেশ কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

যুক্তরাজ্য-ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় অর্ধশতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠান রয়েছে
ছবি: রয়টার্স

আগামীকাল শনিবার ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার দ্বিতীয় বছর পূর্ণ হবে। এর দুই দিন আগে গতকাল বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার বলছে, নিষেধাজ্ঞার মাধ্যমে তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অস্ত্রভান্ডার ও যুদ্ধ তহবিল খর্ব করতে চাইছে।

রাশিয়াকে নিশানা করে ইতিমধ্যে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্রও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৫০০টির বেশি লক্ষ্যবস্তুর ওপর আজ শুক্রবার নিষেধাজ্ঞা ঘোষণা করবে ওয়াশিংটন। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের উপ-অর্থমন্ত্রী (ডেপুটি ট্রেজারি সেক্রেটারি) ওয়ালি অ্যাডেইমো।

আল নাসের হাসপাতালের কাছে ইসরায়েলি সেনাদের অবস্থান, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

এদিকে গাজা উপত্যকার আল নাসের হাসপাতালে আটকে পড়া ১৪০ জনের মতো রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়ার আশা করছে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো। গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মকর্তা এ কথা বলেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, চিকিৎসাকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে ১৩ জন রোগীকে কবর দিয়েছেন। ওই হাসপাতালে বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ না থাকায় তাঁরা মারা গেছেন।

আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়া শামীমা বেগম

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্যকে বিয়ে করতে কিশোর বয়সে দেশ ছেড়ে যুক্তরাজ্যের নাগরিকত্ব হারানো শামীমার আপিল মামলার ওপর আজ শুক্রবার রায় হতে পারে। নিজের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে গত বছরের অক্টোবরে লন্ডনের আপিল আদালতে ওই মামলা করেন সাবেক ‘আইএস বধূ’ শামীমা বেগম (২৪)।

স্ত্রী বুশরা বিবির সঙ্গে ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে আদিয়ালা জেলে স্থানান্তরের বিরোধিতা করেছে কারাগারটির কর্তৃপক্ষ। তারা বলছে, আসামি দিয়ে ঠাসা ওই কারাগারে বুশরা বিবিকে রাখাটা নিরাপদ নয়।

ষড়ভুজ আকৃতির রোবট ‘অডিসিয়াস’ চাঁদে সফল অবতরণ করেছে

এদিকে অর্ধশতাব্দী পর আবারও চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে এই মহাকাশযান। এই প্রথম ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে চাঁদে মহাকাশযান পাঠাল যুক্তরাষ্ট্র।

সুইমিংপুলে পড়ে আহত হওয়া স্প্ল্যাশ নামের এই কিউই পাখিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

আহত কিউই পাখির চিকিৎসার জন্য প্রথমবারের মতো হাসপাতাল চালু করেছে নিউজিল্যান্ড। গত শুক্রবার দেশটিতে এই হাসপাতাল চালু করা হয়। ইতিমধ্যে সুইমিংপুলে পড়ে আহত হওয়া স্প্ল্যাশ নামের একটি কিউইকে এই হাসপাতালে নিয়ে সুস্থ করে তুলেছেন চিকিৎসকেরা।