বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৪ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

পেট্রলচালিত মোটরগাড়ির ইতিহাস ঘাঁটতে গেলে মার্কিন উদ্ভাবক এবং শিল্পপতি হেনরি ফোর্ডের নামে সবার আগে আসবে। তাঁর হাত ধরেই যুক্তরাষ্ট্রের সড়কে প্রথমবারের মতো পরীক্ষা চালানো হয় পেট্রোলচালিত মোটরগাড়ির। ফোর্ডের উদ্ভাবন করা মোটরগাড়ি কোয়াডরিসাইকেল পরীক্ষা করা হয় ১৮৯৬ সালের ৪ জুন। তিনি এতে স্টিয়ারিং হুইল ও ব্রেক যুক্ত করেন। অনেকটা বাইসাইকেলের চাকার মতো চাকা ব্যবহার করে গাড়িটি বানানো হয়েছিল। হর্নের জায়গায় বসানো হয়েছিল ডোরবেল। পরবর্তীকালে মোটরগাড়ি শিল্পে রীতিমতো বিপ্লব ঘটায় ফোর্ড কোম্পানি।
প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত হয় হাঙ্গেরি। ততদিনে যুদ্ধের দামামা বন্ধ হয়েছে। ১৯২০ সালের এই দিনে মিত্রশক্তির সঙ্গে একটি চুক্তি করে কিংডম অব হাঙ্গেরি। এর নাম ত্রিয়ানন চুক্তি। এই চুক্তির শর্ত মেনে নিজেদের ভূখণ্ডের দুই-তৃতীয়াংশের ওপর নিয়ন্ত্রণ হারায় হাঙ্গেরি।
সুপারশপে কেনাকাটা করতে গেলে হাতে পণ্য নিয়ে ঘুরতে হয় না। কেনাকাটার সময়টায় পণ্য বহনের কষ্ট দূর করে দেয় শপিং ট্রলি। চাকা লাগানো ট্রলিতে পণ্য রেখে তা নিয়ে ঘুরে ঘুরে কেনাকাটা করা যায়। বিশ্বে প্রথমবারের মতো এই ট্রলি ব্যবহৃত হয় ১৯৩৭ সালের ৪ জুন, যুক্তরাষ্ট্রের ওকলাহোমায়। সেখানকার হাম্পটি ডাম্পটি নামের একটি সুপারশপের মালিক সেলভান গোল্ডম্যান এই ট্রলি উদ্ভাবন করেন। নিজের সুপারশপে এই ট্রলি ব্যবহার শুরু করেন তিনি।
ফ্রান্সের প্যারিসে পাস্তুর ইনস্টিটিউটের অবস্থান। ১৮৮৭ সালের এ দিনে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠা করেন খ্যাতিমান ফরাসি অণুজীব বিজ্ঞানী লুই পাস্তুর। বিভিন্ন সংক্রামক রোগজীবাণু নিয়ে গবেষণা এবং এ–সংক্রান্ত বিভিন্ন আবিষ্কারের জন্য এই প্রতিষ্ঠানের খ্যাতি রয়েছে।
হলিউডের সর্বকালের সেরা তারকাদের একজন অ্যাঞ্জেলিনা জোলি। শুধু সুঅভিনেত্রী নন, একাধারে চলচ্চিত্র পরিচালক ও অধিকারকর্মী হিসেবে খ্যাতি পেয়েছেন জোলি। নারী অধিকার ও শিশুদের শিক্ষার বিস্তারে বিশ্বজুড়ে কাজ করেন এই তারকা। ১৯৭৫ সালের ৪ জুন অ্যাঞ্জেলিনা জোলির জন্ম।
সময়টা ১৭৮৩ সালের ৪ জুন। ফ্রান্সের অ্যানোনয়বাসী অবাক চোখে আকাশের দিকে তাকান। দেখেন বিশাল একটি জিনিস আকাশে উড়ছে। দেখতে অনেকটাই বেলুনের মতো। হ্যাঁ, সেটা ছিল হট–এয়ার বেলুন। বিশ্বে হট–এয়ার বেলুন আকাশে ওড়ানোর ঘটনা সে–ই প্রথম। বেলুনটি উদ্ভাবন করেছিলেন মন্টগোলফায়ার ব্রাদার্স।