যুক্তরাষ্ট্রের মিজৌরিতে ট্রাকের সঙ্গে ধাক্কায় ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

মেন্ডন শহরের কাছের একটি রেলক্রসিংয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় গতকাল সোমবার একটি রেলক্রসিংয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি লাইনচ্যুত হয়। খবর বিবিসির।

লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগোগামী ট্রেনটিতে প্রায় ২৪৩ জন যাত্রী ছিলেন। গতকাল দুপুর ১২টা ৪২ মিনিটের দিকে মেন্ডন শহরের কাছের একটি রেলক্রসিংয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ওই এলাকার জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ট্রেনটির সাতটি বগি ও দুটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় রেল কর্তৃপক্ষ-আমট্রাকের এক বিবৃতিতে বলা হয়, লস অ্যাঞ্জেলেস থেকে পূর্বাঞ্চলের দিকে রওনা করা ‘সাউথওয়েস্ট চিফ’ ট্রেনটি মেন্ডনের কাছে একটি রেলক্রসিংয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। কানসাস শহর থেকে মেন্ডন শহরের দূরত্ব ৮৪ মাইল। ট্রেনটিতে ১২ জন ক্রু ছিলেন।

মিজৌরি হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তারা বলেন, এ দুর্ঘটনায় ট্রেনের দুজন এবং ট্রাকের একজন আরোহী নিহত হন। স্থানীয় একটি অ্যাম্বুলেন্স সেবা প্রতিষ্ঠানের এক সদস্য বলেন, কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, লাইনচ্যুত বগিগুলো একটি সবুজ মাঠের ওপর পড়ে আছে। একটি ছবিতে দেখা গেছে এক নারী হামাগুড়ি দিয়ে বগির ভাঙা জানালা দিয়ে বের হয়ে আসার চেষ্টা করছেন।

একজন যাত্রীর টুইটার পোস্টে একটি ছবি দেখা যায়। সেখানে দেখা যাচ্ছে, অক্ষত যাত্রীদের স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। ছবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে একটি গাড়ির সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে তিনজন নিহত হওয়ার এক দিনের মাথায় মিজৌরিতে ট্রেন লাইনচ্যুত হলো।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে মন্টানায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হন, আহত হন আরও অনেকে। ২০১৮ সালে একটি ট্রেন ভুল লাইনে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছিল। ওই ঘটনায়ও তিনজন নিহত হয়।