টেক্সাসে ‘মাতাল’ বন্দুকধারীর গুলি, শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি বাড়িতে হামলা চালান একজন বন্দুকধারী
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে আট বছর বয়সী এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার সময় ওই বাড়িতে ১০ জন অবস্থান করছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। ঘটনাস্থলে জীবিত দুই শিশুর ওপর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

হামলায় জড়িত সন্দেহে মেক্সিকোর এক নাগরিককে খুঁজছে পুলিশ। হামলার সময় তিনি মদ্যপ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, তিনি ওই বাড়ির কাছে গুলি চালানো শুরু করেন। একপর্যায়ে বাসিন্দারা নিষেধ করলে তিনি বাড়ির ভেতরে গুলি করেন।

এদিকে নিহত সবাই হন্ডুরাসের নাগরিক বলে জানা গেছে। তবে তাঁদের পুরো পরিচয় জানায়নি পুলিশ। এমনকি হামলাকারীর সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক আছে কি না, তা-ও জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে এমন হামলার ঘটনা নতুন নয়। কয়েক দিন আগে টেক্সাসেই একটি অনুষ্ঠানে বন্দুক হামলায় নয়জন আহত হন। আর দুই সপ্তাহ আগে আলাবামা অঙ্গরাজ্যে একটি জন্মদিনের অনুষ্ঠানে গুলি করে চারজনকে হত্যা করা হয়।