শরীয়তপুরের সেই বিলাসপুর থেকে আবার ককটেল উদ্ধার
শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে ঘরের ভেতর ককটেল বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় এক পলাতক আসামির বাড়ি থেকে ১৭টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার ভোরে একই ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকার একটি বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
ওই আসামির নাম সিদাম ব্যাপারী। তিনি একই এলাকার বাসিন্দা ও বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর ভাই।
গত কয়েক বছর ধরে বিলাসপুরে কয়েকটি ঘটনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। গত ৮ জানুয়ারি ককটেল তৈরি করতে গিয়ে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকার একটি বসতঘরে বিস্ফোরণ ঘটে। এতে তিন ব্যক্তির মৃত্যু হয়।
ওই ঘটনার পর প্রায়ই বিলাসপুরে অভিযান চালায় পুলিশ। গত এক মাসে অভিযান চালিয়ে একই এলাকা থেকে ৮০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, জাজিরা থানা-পুলিশের কাছে খবর আসে মুলাই ব্যাপারীকান্দি এলাকার একটি স্থানে সন্ত্রাসীরা ককটেল মজুত করেছেন। পরে আজ ভোরে গ্রামটিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। তারা তল্লাশি চালাতে গ্রামের সিদাম ব্যাপারীর বাড়ির পেছনের একটি বাগানে যায়। সেখানে দুটি বালতি থেকে ১৭টি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস ছালাম। তিনি প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।