ভৈরবে প্রবাল হত্যা মামলায় দুই আসামি দুই দিনের রিমান্ডে
কিশোরগঞ্জের ভৈরবে ইউপি চেয়ারম্যানের কিশোর ছেলে মহিউদ্দিন প্রবাল (১৭) হত্যা মামলার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করার কথা রয়েছে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁদের বিরুদ্ধে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। গতকাল সোমবার বিকেলে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ শুনানি শেষে আদালতের বিচারক মো. রফিকুল বারী তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ওই দুই আসামি হলেন পৌর শহরের কমলপুর এলাকার আক্তার হোসেনের ছেলে রাজন মিয়া (২৬) এবং একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. তৌহিদ (২৫)। তাঁরা প্রবাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার প্রধান অভিযুক্ত কিশোর গ্যাং নেতা অন্তর মিয়াকে (২৪) গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ জানায়, প্রবাল হত্যায় পৌর শহরের কমলপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে অন্তর মিয়াকে প্রধান অভিযুক্ত করে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়। এখন পর্যন্ত এজাহারভুক্ত দুজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনজনের মধ্যে বাসস্ট্যান্ড এলাকার এক কিশোর এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছে।
এই হত্যাকাণ্ডের পর প্রথমে র্যাবের হাতে গ্রেপ্তার হন শাকিল ও তৌহিদ। র্যাবের কাছে অন্তরের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কথা স্বীকার করেন তাঁরা। তবে হত্যার সঙ্গে যোগসূত্র নেই বলে দাবি করেন তাঁরা। কিন্তু র্যাবের ধারণা, হত্যায় তৌহিদ ও রাজনের সম্পৃক্ততা থাকতে পারে। পুলিশও একই ধারণা করছে। এ কারণেই তাঁদের রিমান্ড চাওয়া হয়।
মামলাটির তদন্ত করছেন ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) তারিকুল আলম। তিনি বলেন, ‘এরই মধ্যে এক আসামি আদালতে স্বীকারোক্তি দেওয়ায় হত্যাকাণ্ডটি নিয়ে অনেক কিছুই স্পষ্ট হয়ে গেছে। এখন দুই আসামির রিমান্ড মঞ্জুর হওয়ায় মামলাটির দ্রুত অগ্রগতি হবে বলে আশা করছি।’ তিনি জানান, আজ বিকেলের মধ্যে কারাগার থেকে দুই আসামিকে থানায় আনার পরিকল্পনা আছে।
নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ভূঁইয়ার ছেলে প্রবাল। ভৈরবে হোসেন ভূঁইয়ার মালিকানাধীন মাতৃকা জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। তিনি পরিবার নিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় থাকেন। ১ জুন বাসস্ট্যান্ড এলাকায় অন্তরের বাবা জিল্লুর রহমানের মালিকানাধীন শাকিল মটরস নামে একটি দোকানঘর থেকে প্রবালের লাশ উদ্ধার করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।